চাপিলার নামে জাটকা নিধন
পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন নদ-নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন চলছে। ইলিশের এই ছোট পোনা চাপিলা ও চাপলি নাম দিয়ে বরিশালসহ দেশের বিভিন্ন পাইকারি মাছের বাজারে পাঠানো হচ্ছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, জাটকা রক্ষায় মৎস্য বিভাগের কার্যকরী পদক্ষেপ না থাকায় গলাচিপার কাজল, বুড়াগৌরাঙ্গ, রাবনাবাদ নদ এবং রাঙ্গাবালীর ডিগ্রি, দাঁড়ছিঁড়া নদীতে ছোট ফাঁসের কারেন্ট জাল ফেলে অবাধে জাটকা শিকার করছেন জেলেরা। পাশাপাশি এসব নদ-নদীতে বাঁধা জাল ও বেহুনতিজাল ফেলে আড়াই থেকে তিন ইঞ্চি মাপের ইলিশের পোনা ধরা হচ্ছে। এগুলো চাপিলা ও চাপলি নামে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জাটকা রক্ষার জন্য গত ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নয় ইঞ্চির চেয়ে ছোট জাটকা ধরা, বিক্রি করা, মজুত করা ও পরিবহনের ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। জাটকা সংরক্ষণের এই সময়ে প্রতিটি জেলে পরিবারের জন্য ৪০ কেজি করে চাল খাদ্যসহায়তা হিসেবে দেওয়া হচ্ছে।
রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা গ্রামের জেলে হাবিবুর রহমান বলেন, ‘অবাধে জাটকা শিকার করায় ইলিশের মৌসুমে আমরা সাগর-নদীতে ইলিশ পাই না। গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরে আড়াই থেকে তিন শ টাকা কেজি দরে প্রকাশ্যে জাটকা বিক্রি করা হচ্ছে। অথচ এগুলো প্রতিরোধ করার কেউ নেই।’
গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, ‘চাপিলা বা চাপলি নামে যে মাছগুলো ধরা হচ্ছে তার মধ্যে বেশির ভাগই ইলিশের পোনা। এ মাছ যারা ধরে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। চলতি মাসে জাটকা ইলিশের ছোট পোনা নিধন রোধে দুটি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে।’
রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোসলেম উদ্দীন খান বলেন, ‘আমাদের পর্যাপ্ত জনবল না থাকায় সব দিকে খেয়াল রাখা সম্ভব হচ্ছে না। জনবল বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। জনবল পাওয়া গেলে আমরা জাটকা নিধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব।’