চামড়া ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে চামড়া ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাই ঘটনায় কালা স্বপন (২৭) নামের এক ছিনতাইকারীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহাপুর ইউনিয়নের পরটখিল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কালা স্বপন পরখিল গ্রামের আবদুর রশিদের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পুলিশ একটি পাইপগান, চারটি গুলি ও একটি খুর উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সাহাপুর বাজার থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জের চামড়া ব্যবসায়ী আবুল কাশেমকে অস্ত্র ঠেকিয়ে তাঁর সঙ্গে থাকা চামড়া কেনার পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয় ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী কালা স্বপন।
এ ঘটনায় আবুল কাশেমের ছেলে আবদুর রশিদ বাদী হয়ে শুক্রবার রাতেই চাটখিল থানায় একটি ছিনতাইয়ের মামলা করেন। এরপর কালা স্বপনকে ধরতে রাতেই একাধিক স্থানে অভিযান চালায় থানা-পুলিশ। কিন্তু রাতে স্বপনকে গ্রেপ্তার করা যায়নি। এরপর গতকাল সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরটখিল গ্রামের একটি বাড়িতে ঝটিকা অভিযান চালিয়ে কালা স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ।
জানতে চাইলে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, সন্ত্রাসী কালা স্বপনকে গ্রেপ্তার করা হলেও এখনো লুট হওয়া পাঁচ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়নি, চেষ্টা চলছে।