চার উপজেলায় সংঘর্ষে ১২৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলায় গতকাল শনিবার দুটি সংঘর্ষের ঘটনায় শতাধিক লোক আহত হয়েছেন। এ ছাড়া নোয়াখালীর সেনবাগ ও জামালপুরের সরিষাবাড়ীতে সংঘর্ষে আহত হয়েছেন নারীসহ অরও ২৫ জন। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: 

জুয়াখেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সংঘ​র্ষ হয়।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, বেলা একটার দিকে বুধল ইউনিয়নের মালীহাতা গ্রামের কোনার গোষ্ঠীর খোরশেদ আলী (২৫) চার যুবককে নিয়ে একই গ্রামের বুইদ্দার গোষ্ঠী-অধ্যুষিত এলাকায় জুয়া খেলতে যান। এতে বুইদ্দার গোষ্ঠীর আল আমীন (৩০) বাধা দিলে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে দুই পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সদর উপজেলার সীমান্তবর্তী ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ৫০ জনের বেশি লোক আহত হন। পরে সরাইল ও সদর থানার পুলিশ, হাইওয়ে পুলিশ এবং র‌্যাব-১৪-এর সদস্যরা লাঠিপেটা ও পাঁচটি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি শান্ত করেন। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এদিকেপুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আশুগঞ্জের ফেরিঘাট এলাকায় ট্রাক রাখাকে কেন্দ্র করে চর চারতলা গ্রামের আনু সর্দারবাড়ির শাহ আলমের সঙ্গে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামের ছেলে বিজয়ের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে তৌহিদুলের লোকজন দে​শি অস্ত্রশস্ত্র নিয়ে আনু সর্দারবাড়ির লোকজনের ওপর হামলা চালালে সংঘর্ষ হয়। বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত চলা সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। তাঁদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সরিষাবাড়ীতে গতকাল সকালে একটি মোটরসাইকেল নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত হন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার মাইজবাড়ী গ্রামের সাদ্দাম হোসেন গত শুক্রবার রাতে রাজিবদিয়ার গ্রামের মিন্টু মিয়ার কাছে একটি মোটরসাইকেল চান। কিন্তু মিন্টু তা না দেওয়ায় দুজনের কথা-কাটাকাটির জের ধরে গতকাল সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হন। এর মধ্যে ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের পাইখাস্তা ও অশ্বদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে শুক্রবার রাতে সংঘর্ষ হয়। এলাকাবাসী জানান, পাইখাস্তা গ্রামের এক মেয়ের সঙ্গে নাঙ্গলকোট উপজেলার এক যুবকের প্রেম চলছিল। শুক্রবার সন্ধ্যায় ওই যুবক মেয়েটির সঙ্গে দেখা করতে পাইখাস্তায় আসেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় গ্রামবাসী তাঁকে মারধর করেন। পাশের অশ্বদিয়া গ্রামে ওই যুবকের আত্মীয়বাড়িতে এ খবর পৌঁছালে ওই গ্রামের লোকজন পাইখাস্তা গ্রামের দুটি বাড়িতে হামলা চালান। এরই জের ধরে সংঘর্ষে ১০ জন আহত হন। তাঁদের মধ্যে এক নারীসহ চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনীর প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। 

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।