চার কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার শর্তযুক্ত সেই দরপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে নৌপ্রকৌশল বিভাগের যন্ত্রাংশ ক্রয়ের সেই দরপত্র বাতিল করা হয়েছে। বন্দরের চার কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া এবং হাতখরচ (পকেট মানি) দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছিল ওই দরপত্রে।

দরপত্রে দেওয়া শর্ত নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় ‘যুক্তরাষ্ট্রে নিতে হবে চার কর্মকর্তাকে, দিতে হবে হাতখরচও!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। দরপত্র অনুযায়ী, যন্ত্রাংশের সম্ভাব্য মূল্য ছিল ৮৪ লাখ টাকা।

বন্দর সূত্র জানায়, প্রতিবেদন প্রকাশের পর শর্তযুক্ত এই দরপত্র বাতিলের প্রক্রিয়া শুরু করে বন্দর কর্তৃপক্ষ। দরপত্র দলিলে চার কর্মকর্তাকে কারখানা পরিদর্শনে নেওয়ার শর্ত কারা যুক্ত করেছে, তা অনুসন্ধানের জন্য গত বৃহস্পতিবার নির্দেশ দেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও পর্ষদ সদস্য জাফর আলম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, যন্ত্রাংশ ক্রয়ের ওই দরপত্র বাতিল করা হয়েছে। দরপত্রের নথিতে চার কর্মকর্তাকে কারখানা পরিদর্শনে নেওয়ার শর্ত কীভাবে থেকে গেল বা কেউ ইচ্ছাকৃতভাবে এই শর্ত যুক্ত করেছে কি না, তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। নতুন করে দরপত্র দলিল তৈরি করে যন্ত্রাংশ ক্রয়ের দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়ে তিনি বলেন, ওই দরপত্রে কেউ যোগ্য হয়নি। তিনি বলেন, যন্ত্রাংশ সরবরাহের কার্যাদেশ না দেওয়া পর্যন্ত কারখানা পরিদর্শনের প্রশ্নই ওঠে না।

বন্দরের সাহায্যকারী নৌযান ‘এমটি কান্ডারি-১০’-এর মূল ইঞ্জিনের প্রয়োজনীয় যন্ত্রাংশ ও মূল ইঞ্জিন ওভারহলিং করার জন্য গত ২৮ জুন ওই দরপত্র আহ্বান করা হয়। বন্দরের উপপ্রধান প্রকৌশলী (মেরিন) দরপত্র আহ্বান করেন। গত ১১ জুলাই পত্রিকায় এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়। দরপত্র জমা নেওয়া হয় গত ১৭ আগস্ট।

নৌপ্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, দরপত্রের প্রক্রিয়া শুরুর সময় যন্ত্রাংশ কেনার জন্য প্রথমে ৪ কোটি ৭৪ লাখ টাকা প্রাক্কলন (সম্ভাব্য ব্যয়) করা হয়েছিল। এই প্রাক্কলন ধরে চার কর্মকর্তার বিদেশ সফরের বিষয়টি সংযুক্ত করা হয়েছিল। পরে কয়েক দফায় কমিয়ে তা ১ কোটি ৩৫ লাখ টাকা প্রাক্কলন নির্ধারণ করা হয়। কিন্তু চারজনের বিদেশ সফরের বিষয়টি আর বাতিল করা হয়নি।