চার কলেজকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে গিয়ে শিক্ষার্থীরা বিড়ম্বনার শিকার হওয়ার ঘটনায় চারটি কলেজকে গতকাল বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
কলেজগুলো হলো: রাজধানীর দক্ষিণখান এলাকার মোল্লারটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ ও টঙ্গীর সিটি কলেজ।
ঢাকা শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর এ তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেন, কলেজগুলোর পাঠদান ও স্বীকৃতি কেন বাতিল করা হবে না এবং এমপিও বাতিলের জন্য মন্ত্রণালয়ে কেন সুপারিশ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
৯ জুন প্রথম আলোর অনলাইনে ও ১০ জুন প্রথম আলো পত্রিকায় ‘একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নিয়ে বিড়ম্বনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, অনেক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অনলাইনে আবেদন করতে গিয়ে দেখতে পাচ্ছে, আবেদন আগেই করা হয়ে গেছে। এমনকি তাদের না জানিয়েই কলেজের পছন্দক্রম দেওয়া হচ্ছে। এ কারণে অনেকে কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারবে না বলে আশঙ্কা করছে।