নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আরও চার কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল সোমবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুর রউফ মিয়ার স্বাক্ষরিত এ-সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বরখাস্তকৃত কাউন্সিলররা হলেন সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা শাহ জালাল বাদল, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সির ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও শহর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হাসেম।
তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইন, চারদলীয় জোটের আন্দোলনের নামে নাশকতা, পুলিশের কাজে বাধাদান এবং চাষাঢ়া আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলার অভিযোগপত্র আদালত গৃহীত হয়েছে। তাই তাঁদের সাময়িক বরখাস্ত করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সম্প্রতি একই কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আরও তিন কাউন্সিলর হান্নান সরকার, সুলতান আহমেদ ও এনায়েত হোসেনকে বরখাস্ত করা হয়। পরে হাইকোর্টে রিট আবেদন করে কাউন্সিলর হান্নান সরকার ও সুলতান আহমেদ স্বপদে বহাল হন।