চার কারখানা সিলগালা ২০ টন পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি কারখানায় অভিযান চালিয়ে ২০ টন পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। পলিথিন ব্যাগ উৎপাদনের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে ওই কারখানাগুলো সিলগালা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীরের উপস্থিতিতে এই অভিযানে সহায়তা করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পুলিশ বাহিনীর সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল পাশার নেতৃত্বে দলটি পুরান ঢাকার নবাব কাটরায় চারটি নিষিদ্ধঘোষিত পলিথিন কারখানায় অভিযান চালায়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই অভিযানে সৌদিয়া প্যাকেজিং, সান প্লাস্টিক, জিএল প্যাকেজিং ও বিসমিল্লাহ প্যাকেজিং নামের চারটি কারখানায় পলিথিন ব্যাগ তৈরির প্রমাণ পাওয়া যায়।
অভিযান পরিচালনার সময় সান প্যাকেজিংয়ের মালিক সাইফুল ইসলাম ও ব্যবস্থাপক শাহেদ ইব্রাহিম এবং নাহার প্যাকেজিংয়ের কর্মচারী সাইফুল ইসলামকে আটক করে পুলিশ। তবে অভিযান পরিচালনার সময় স্থানীয় সরকারদলীয় নেতা-কর্মীরা নবাব কাটরা এলাকায় ভিড় করেন। জিএল প্যাকেজিংয়ের মালিক ঢাকা মহানগর আওয়ামী লীগের একজন নেতা, এই কথা জানিয়ে কারখানা সিলগালা না করার অনুরোধ করেন দলের কয়েকজন স্থানীয় নেতা। অভিযানকারীরা ওই অনুরোধ উপেক্ষা করে কারখানাটি সিলগালা করে দেন।
পরে পরিবেশ অধিদপ্তরের দলটি আজিমপুর সরকারি কোয়ার্টার এবং সংলগ্ন এলাকায় ছয়টি দোকানে অভিযান চালিয়ে দোকানে পলিথিন ব্যাগ বিক্রিকালে তিনজনকে আটক ও ১০ হাজার টাকা জরিমানা করে। দুপুর ১২টার দিকে কোয়ার্টারের প্রধান ফটকের কাছেই সমবায় বাজার নামে মনিহারি দোকানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেট দোকানের এক কোনায় রাখা পলিথিন ব্যাগগুলো জব্দ করে দোকানের একজন কর্মচারীকে আটক করেন।
দোকানটির পরিচালনাকারী আবাহন বহুমুখী সমবায় সমিতির পক্ষে একজন এসে নিজেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁর কর্মচারীকে ছেড়ে দিতে বলেন। পুলিশ তাঁকেও গ্রেপ্তার করলে তাঁর পক্ষে আরও কয়েকজন সরকারি কর্মকর্তা ছুটে আসেন। এ সময় আজিমপুর কলোনির ওই এলাকায় জটলা সৃষ্টি হয়। ১০ হাজার টাকা জরিমানা গুনে ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে ছেড়ে দেন অভিযান পরিচালনাকারীরা।