ময়মনসিংহ শহরের ১৩ কিলোমিটারজুড়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদটি দখলে দখলে বিপর্যস্ত। নদের চার কিলোমিটার অংশে গড়ে উঠেছে কয়েক শ অবৈধ স্থাপনা।
গতকাল সরেজমিনে দেখা গেছে, শহরের পাটগুদাম এলাকা থেকে বিশ্বেশ্বরী দেবী সড়কের কাছে পৌর সুপার মার্কেট পর্যন্ত চার কিলোমিটার এলাকায় নদের পাড়জুড়ে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি। ছিন্নমূল মানুষেরা ওই সব ঘরবাড়িতে বাস করে। নদের ওই চার কিলোমিটারজুড়ে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তৈরি করা শহর রক্ষা বাঁধ।
পাউবো ময়মনসিংহ শাখা সূত্রে জানা যায়, মূলত শহর রক্ষা বাঁধকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অবৈধ বাড়িঘর। ওই চার কিলোমিটার অংশের মধ্যে শহরের থানার ঘাট, কালীবাড়ি ঘাট ও বিপিন পার্ক এলাকায় দখলের পরিমাণ বেশি। দিনে দিনে বাড়ছে অবৈধ দখলদারদের সংখ্যা। ২০১৩ সালের পাউবোর পরিসংখ্যান অনুযায়ী, ওই এলাকায় ১৭১টি পরিবার অবৈধভাবে বাড়ি তুলে বসবাস করত। বর্তমানে বসবাস করছে ২৪১টি পরিবার। তবে স্থানীয় লোকজনের মতে, অবৈধ বাড়ির সংখ্যা তিন শর কম হবে না। বাঁধের ওপর একাধিক বাড়ি বানিয়েছেন নুর মোহাম্মদ নামের এক ব্যক্তি। তাঁর ভাষ্যমতে, জায়গা নেই। তাই এখানে বাড়ি করে বাস করছেন।
পাউবোর ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. মুসা বলেন, ‘আমরা দখলদারদের নামের তালিকা জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছি।’ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, ওই অংশে এত বেশি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে যে সেটা একবারে উচ্ছেদ সম্ভব হবে না। তবে ধাপে ধাপে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলমুক্ত করতে হবে।