চার কেজি সোনাসহ সিভিল এভিয়েশন কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার চার কেজি ২০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বারসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) এক কর্মচারীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম হাফিজুর রহমান, তিনি বোর্ডিং ব্রিজ অপারেটর।
বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ জানায়, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটে সোনার বারগুলো আনা হয়েছিল। ওই সময় সিভিল এভিয়েশনের কর্মচারী হাফিজুরের আচরণে সন্দেহ হয়। পরে তাঁর দেহ তল্লাশি চালিয়ে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোর্ডিং ব্রিজ অপারেটর হাফিজুর জানিয়েছেন, ব্যাংকক থেকে একজন যাত্রী কৌশলে হাফিজুরের আশপাশে ওই সোনার বারাগুলো রেখে যান। পরে তিনি তা বিমানবন্দরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে শুল্ক কর্মকর্তারা হাফিজুরের দেহ তল্লাশি করে সোনার বারগুলো পান। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা ও হাফিজুরকে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শুল্ক গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সম্প্রতি সোনার বেশ কিছু চালান ধরা পড়ার পর বিমান বাংলাদেশ ও সিভিল এভিয়েশনের কিছু কর্মীকে নজরদারির মধ্যে রাখা হয়। এঁদের মধ্যে গতকাল আটক হওয়া হাফিজুরও ছিলেন।
সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে এর আগে গত নভেম্বরে বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এমদাদ হোসেন, চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং প্রধান ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ, ব্যবস্থাপক (শিডিউল) তোজাম্মেল হোসেনসহ পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।