চার কেজি সোনাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে চার কেজি সোনাসহ গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেপ্তার হওয়া যাত্রীর নাম মিজানুর রহমান (৪০)। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর থানার দক্ষিণ কেওয়ার এলাকায়।
এপিবিএনের দাবি, মিজানুর তাঁর পরনের প্যান্টের বেল্টের সঙ্গে আঠা দিয়ে এক কেজি করে সোনার চারটি বার লুকিয়ে রেখেছিলেন। জব্দ করা এসব সোনার মূল্য দুই কোটি টাকা।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে জানান, শুক্রবার বেলা ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইনসে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন মিজানুর রহমান। শুল্কায়নের কাজ শেষ করে তিনি গ্রিন চ্যানেল পার হয়ে যাচ্ছিলেন। বিমানবন্দরের ক্যানপি-১-এর সামনে এপিবিএন সদস্যরা মিজানুরকে তল্লাশি করতে চান। এ সময় তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে এপিবিএন সদস্যরা ধাওয়া করে মিজানুরকে বিমানবন্দরের গোলচত্বরের সামনে ধরে ফেলেন। পরে তাঁর দেহ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর নিজেকে সোনা ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। নিয়মিত শুল্ক ফাঁকি দিয়ে সোনা এনেছেন তিনি।
এপিবিএন সূত্রে জানা গেছে, ২০১০ সাল থেকে নিয়মিত দেশের বাইরে যাওয়া-আসা করেন মিজানুর রহমান। তাঁর পাসপোর্টে শতাধিকবার বিভিন্ন দেশের ভিসার সিল রয়েছে। অধিকাংশ সময়ই মিজানুরের গন্তব্য ছিল মালয়েশিয়া। এ ছাড়া বেশ কয়েকবার তিনি ভারতে গিয়েছেন।
এপিবিএনের এক কর্মকর্তা জানান, সুদর্শন হওয়ায় শুল্ক বিভাগে মিজানুরের দেহ তল্লাশি করা হয়নি। কেবল তাঁর মালামাল স্ক্যান করা হয়। তবে গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরের বাইরে মিজানুরের দেহ তল্লাশি করে সোনা জব্দ করা হয়। এ সময় মিজানুর কর্তব্যরত এপিবিএন সদস্যদের দুটি সোনার বারের বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।