চার কোটি টাকা নিয়ে প্রতিষ্ঠান উধাও
আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানটি নাটোরের গ্রাহকদের চার কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। টাকা হারিয়ে গ্রাহকেরা এখন দিশেহারা।
এ ঘটনায় সাতজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। তাঁরা প্রতিষ্ঠানটির কর্মচারী। কর্মকর্তাদের সবাই পলাতক।
সদর থানা-পুলিশ ও ভুক্তভোগী গ্রাহক সূত্রে জানা যায়, সাড়ে ১০ বছরে বিনিয়োগের তিন গুণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২০১১ সালে নাটোর শহরের কানাইখালী এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় কার্যালয় খোলে। এককালীন ছাড়াও সাপ্তাহিক ও মাসিক জমা হিসাবেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে। সব মিলিয়ে প্রায় চার কোটি টাকা আমানত সংগ্রহ করা হয় এই শাখায়। বেশ কিছু দিন ধরে নাটোর শাখার আঞ্চলিক ব্যবস্থাপক, সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকেরা কার্যালয়ে যাতায়াত বন্ধ করে দেন। ঘটনাটি জানাজানি হলে গ্রাহকেরা কার্যালয়ে গিয়ে তাঁদের আমানত ফেরত চান। তখন কর্মচারীরা গ্রাহকদের ধৈর্য ধরার পরামর্শ দেন। একপর্যায়ে আমানত সংগ্রহ ও বিতরণই বন্ধ হয়ে যায়। এ অবস্থায় গত রোববার বিকেলে কর্মচারীরাও কার্যালয় ছেড়ে পালাচ্ছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে ওই কর্মচারীদের আটক করে।
এ ঘটনায় রোববার রাতে সদর থানায় মামলা করেন গ্রাহক আবদুস সালাম। তিনি নাটোর শহরের একজন ব্যবসায়ী। বাদী জানান, আরডিপি ফাইন্যান্সের কর্মকর্তারা তাঁর দোকানে গিয়ে উচ্চ মুনাফার কথা বলে টাকা বিনিয়োগের প্রস্তাব দেন। প্রস্তাবটি লাভজনক হওয়ায় তিনি, তাঁর স্ত্রী, গৃহপরিচারিকা ও দোকান কর্মচারীরা মিলে মোট সাড়ে আট লাখ টাকা বিনিয়োগ করেন। সম্প্রতি বিভিন্ন স্থান থেকে প্রতিষ্ঠানটি গুটিয়ে যাওয়ার খবর পেয়ে তিনি আমানত ফেরত চাইতে গেলে কর্মকর্তারা নানা টালবাহানা শুরু করেন। এরপর বাধ্য হয়ে তিনি মামলাটি করেছেন।
আবদুস সালাম বলেন, ‘নাটোর শাখা থেকে প্রতিষ্ঠানটি প্রায় চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমি প্রতিষ্ঠানটির পদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, প্রতিষ্ঠানের মালিক সারা দেশের আমানতের টাকা আত্মসাৎ করে দুবাই পালিয়েছেন। বিপদে পড়ে প্রতিষ্ঠানের কর্মকর্তারাও গা ঢাকা দিয়েছেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির কর্ণধাররা গা ঢাকা দিয়েছেন। তাঁরা নিজেরাও কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। মালিক তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। এ কারণে আটক কর্মচারীদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটির কর্ণধারদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জিজ্ঞাসাবাদের জন্য আটক সাত কর্মচারীর নাম-পরিচয় জানায়নি পুলিশ।