চার কোটি টাকার কাজের দরপত্র নিয়ে অনিয়ম!
বরগুনার পাথরঘাটা পৌরসভার চার কোটি ২০ লাখ টাকার উন্নয়নমূলক কাজের দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার প্রকল্পের অধীনে দরপত্র জমাদানের শেষ দিনে পৌরসভার হিসাবরক্ষক ও এক কর্মচারী দরপত্র বাক্স নিজেদের নিয়ন্ত্রণে রেখে মেয়রের পছন্দের ঠিকাদারদের ফরম বাক্সে ফেলেন বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট ঠিকাদারেরা। এ নিয়ে বিক্ষুব্ধ ঠিকাদারেরা একপর্যায়ে হিসাবরক্ষককে লাঞ্ছিত করেন।
পাথরঘাটা পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, ৯ অক্টোবর পাথরঘাটা পৌর শহরের বিভিন্ন উন্নয়নকাজের অনুকূলে ৫৩টি গুচ্ছে চার কোটি ২০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। সড়ক নির্মাণ ও পুনর্নির্মাণ, পুকুরের ঘাটলা, শৌচাগার, পয়োনিষ্কাশন, পুকুরের পাইলিংসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের দরপত্র জমাদানের শেষ দিন ছিল সোমবার।
দরপত্রে অংশগ্রহণকারী বেশ কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, গতকাল সকালে তাঁরা পৌরসভা কার্যালয়ের পানি সরবরাহ শাখায় দরপত্রের আবেদনপত্র জমা দিতে গিয়ে দেখেন হিসাবরক্ষক বেলায়েত হোসেন ও কার্যাদেশ সহকারী আকবর আলী পৌর পানি শাখার একটি কক্ষে বসে দরপত্র বাক্স নিজেদের কাছে রেখে আবেদনপত্র জমা দিচ্ছেন। এ সময় সেখানে উপস্থিত ঠিকাদারেরা তাঁদেরগুলো জমা দিতে গেলে বেলায়েত হোসেন ও আকবর আলী তাতে বাধা দেন। এতে ঠিকাদারদের সঙ্গে ওই দুজনের হাতাহাতি হয়। একপর্যায়ে ঠিকাদারেরা বেলায়েত হোসেনকে লাঞ্ছিত করেন।
ঠিকাদার জলিল মিয়া, শিপন দাস, নাসির উদ্দিন ও চৌধুরী মো. মনিরসহ বেশ কয়েকজন অভিযোগ করেন, বেলায়েত হোসেন ও আকবর আলী নিজেরা আবেদনপত্র পূরণ করে একের পর এক জমা দিচ্ছিলেন। পৌর মেয়রের নিজস্ব কিছু ঠিকাদারের নামে এসব দরপত্র জমা দেওয়া হয়।
অভিযোগ প্রসঙ্গে বেলায়েত হোসেন বলেন, দরপত্রের অনুকূলে দেড় শতাধিক আবেদনপত্র কিনেছেন ঠিকাদাররা। অনেকে ভালোভাবে সেগুলো পূরণ করতে না পারায় সেসব তিনি পূরণ করে দিয়েছেন।
পৌর মেয়র মালিক মোহাম্মদ আইউব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আড়াই কোটি টাকার উন্নয়নমূলক কাজ আওয়ামী লীগের কিছু ঠিকাদার ও নেতারা ভাগ-বাঁটোয়ারা করে নেওয়ার জন্য আমাকে প্রস্তাব দেন। কিন্তু আমি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় দরপত্র-প্রক্রিয়া বানচালের জন্য এসব মিথ্যা নাটক সৃষ্টি করা হয়েছে।’ দরপত্রের কার্যক্রম কোনো অনিয়ম ছাড়াই যথাযথভাবেই সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, দরপত্র নিয়ে গন্ডগোলের খবর পেয়ে তাঁরা পৌর কার্যালয়ে গিয়ে দেখেন, অনেক কাগজপত্র কক্ষের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে আছে। পরিস্থিতি শান্ত দেখে পরে তাঁরা ফিরে আসেন।