চার কোটি টাকার ওষুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার প্রায় চার কোটি টাকা দামের ১৩৮ কেজি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। ওষুধগুলো স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান গতকাল বলেন, গত ৮ জুন ওষুধগুলো মিজান ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান একটি ফ্লাইটে করে আর্জেন্টিনা থেকে বাংলাদেশে আনে। এই ওষুধগুলো নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। কিন্তু কোনো সংরক্ষণব্যবস্থা ছাড়াই এগুলো আনা হয় এবং এগুলো গোপনে খালাসের চেষ্টা চলছিল। খবর পেয়ে ওষুধগুলো জব্দ করা হয়।
মইনুল খান বলেন, মতিঝিলে অবস্থিত মিজান ট্রেড ইন্টারন্যাশনালে গিয়ে দেখা গেছে, আসলে এটি কম্পিউটারের দোকান। তবে ওই দোকানের মালিক দাবি করেছেন, ওষুধ তিনি আমদানি করেননি। দোকানমালিকের দাবি, অন্য কেউ তাঁর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ওষুধগুলো আমদানি করেছে। তাঁর কোনো ব্যাংকের এলসি নেই। এসব কিছু বিবেচনায় নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে এ ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।
শুল্ক গোয়েন্দা সূত্র বলেছে, সাধারণত এ ধরনের দামি ওষুধ আর্জেন্টিনা থেকে আসার কথা নয়। আসলে দক্ষিণ আমেরিকার অনেক দেশের বেশ কয়েকটি কারখানায় বিশ্বের নামীদামি ওষুধের মতো কিছু ওষুধ অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন অবস্থায় তৈরি করা হয়। আবার সেগুলো আমদানি-রপ্তানির ক্ষেত্রে তেমন কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হয় না। বাংলাদেশেও কিছু ব্যবসায়ী ওষুধ প্রশাসনের অনুমতি না নিয়ে, নিয়মনীতির তোয়াক্কা না করে এ ধরনের ওষুধ আমদানি করছেন।