চার খুনের বর্ণনা দিলেন 'মোটা হানিফ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খানের আদালতে ভাড়াটে এক সন্ত্রাসী গতকাল শনিবার চার খুনের বর্ণনা দিয়েছেন। ভাড়াটে ওই সন্ত্রাসীর নাম মোহাম্মদ হানিফ ওরফে মাথা মোটা হানিফ। গত বৃহস্পতিবার রাতে তাঁকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার এক বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে পরদিন শুক্রবার কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ ফোরকানকে। ফোরকানও গতকাল আদালতে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, গতকাল আদালতে চারটি খুনের ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে হানিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর সহযোগী ফোরকান একটি খুনের মামলার আসামি।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন প্রথম আলোকে বলেন, হানিফের বিরুদ্ধে সদরঘাট থানায় তিনটি হত্যা ও একটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। বিস্ফোরক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এ ছাড়া কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা আছে। ভাড়ায় খুন করতেন তিনি।

ওসি নেজাম আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হানিফকে যাত্রাবাড়ীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সে ২১ ফেব্রুয়ারির আগমুহূর্ত পর্যন্ত চট্টগ্রামে ছিল।

পুলিশ সূত্র জানায়, ২০১৬ সালের ৭ এপ্রিল ইদ্রিসকে খুনের সময় বোমা ফাটিয়েছিলেন তিনি। এ জন্য তাঁর বিরুদ্ধে খুন ছাড়াও বিস্ফোরক আইনে পৃথক একটি মামলা হয়।

পুলিশ সূত্র আরও জানায়, ২০১৬ সালের ১৫ মার্চ সদরঘাট এলাকায় জাহেদকে, ২০১৩ সালের ২৭ নভেম্বর আবদুল গণিকে খুন এবং ২০১৬ সালের ১২ জানুয়ারি কোতোয়ালি থানাধীন মিউনিসিপ্যাল স্কুলের সামনে মামুনকে খুন করার কথা হানিফ পুলিশের কাছে স্বীকার করেন।