চার খুনের মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় একই পরিবারের চারজনকে খুন করার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি হাফিজুর রহমান ওরফে তনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে গাজীপুরের টঙ্গী থেকে তাঁকে গ্রেপ্তার করে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হাফিজুরকে গ্রেপ্তারের তথ্য জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে বাচ্চু (৩০), তাঁর স্ত্রী পারুল আক্তারকে (২৬) মাথায় দা দিয়ে কুপিয়ে এবং দুই মেয়ে জিনিয়া (৬) ও রিভাকে নাকে ও মুখে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ১৬ ডিসেম্বর রাতে তাঁর বাবা ওয়ারেছ আলী হাফিজুরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাতজনের নামে হত্যা মামলা করেন। রাতেই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নেত্রকোনায় অভিযান চালিয়ে হাফিজুরের স্ত্রী হোসনা, হোসনার বোন জোছনা ও জোছনার স্বামী রফিকুল ইসলামকে আটক করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ এরশাদনগর থেকে হাফিজুরকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাফিজুরের বাড়ি যশোরে। প্রায় তিন বছর আগে তিনি ভালুকায় একটি পোশাক কারখানায় কাজ করতে আসেন। তখন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে বাচ্চুর সঙ্গে পরিচয় হয়। বছর খানেক আগে রফিকুল ৮০ হাজার টাকা ধার নেন হাফিজুরের কাছ থেকে। পাওনা টাকা শোধ না করায় তিনি রফিকুলকে সপরিবারে হত্যা করেন।