চার গ্রেনেড আর জঙ্গি শাকিলের খোঁজে গোয়েন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় তৈরি হওয়া গ্রেনেডের হিসাব মিলছে না। ডিবির কর্মকর্তারা বলছেন, ওই আস্তানায় তৈরি অন্তত চারটি গ্রেনেড এখনো জঙ্গিদের হাতে রয়ে গেছে। জেএমবির বোমা তৈরির সবচেয়ে বড় কারিগর মিরপুর থেকে পালিয়ে যাওয়া মোস্তাফিজুর রহমান ওরফে শাকিল ওরফে নজরুল ইসলামকে খুঁজে পাওয়াই এখন গোয়েন্দাদের জন্য বড় চ্যালেঞ্জ।
গত বৃহস্পতিবার মিরপুরে একটি বাড়ির ষষ্ঠ তলায় জঙ্গি আস্তানা থেকে হাতে তৈরি ১৬টি গ্রেনেড ও ২টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। ওই বাড়ি থেকে গ্রেপ্তার তিনজনকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তারা।
ডিবির কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যানুযায়ী ওই বাড়িতে অন্তত ৩০টি গ্রেনেড তৈরি করেছে জঙ্গিরা। গ্রেনেডগুলোর মধ্যে পাঁচটি গত ২৩ অক্টোবর রাতে পুরান ঢাকার হোসেনি দালানে হামলায় ব্যবহার করা হয়। পাঁচটি উদ্ধার করা হয়েছে কামরাঙ্গীরচরে জঙ্গিদের আরেকটি আস্তানা থেকে। আর মিরপুর থেকে উদ্ধার হয় ১৬টি। বাকি চারটি গ্রেনেডের হদিস মিলছে না। গ্রেনেডগুলো কোথায়, কার কাছে সরবরাহ করা হয়েছে—এসব নিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে কয়েকজন আত্মঘাতী বোমা হামলাকারী বা ফেদাইন প্রস্তুতের কথা বলেছে জঙ্গিরা। তবে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থাকা ফেদাইনের সংখ্যা ১০-এর বেশি হবে না বলে দাবি করেছেন এক কর্মকর্তা।
গতকাল রোববার কর্মকর্তারা জানান, ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়া মোস্তাফিজুর রহমান ওরফে শাকিল ওরফে নজরুল ইসলাম জেএমবির বোমা তৈরির সবচেয়ে বড় কারিগর। এর আগে জেএমবির বোমার কারিগর জাহিদ হোসেন ওরফে বোমা মিজানকে ২০০৯ সালের ১৫ মে রাজধানীর মিরপুরের পীরেরবাগ থেকে গ্রেপ্তার করেছিল র্যা ব। গত বছরের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে বোমা মিজানসহ তিন জেএমবি নেতাকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।
ডিবির কর্মকর্তারা বলছেন, বোমা মিজানের পরে শাকিল এখন জেএমবির সবচেয়ে বড় কারিগর। তিনিই মিরপুরের ওই বাড়িটি ছাত্র পরিচয়ে ভাড়া নিয়েছিলেন। বগুড়ার পলিটেকনিক থেকে তিন বছর আগে পাস করেছেন শাকিল। তিনি অন্তত ১০ জন জঙ্গিকে হাতে গ্রেনেড তৈরির প্রশিক্ষণ দিয়েছেন বলে এখন পর্যন্ত জানা গেছে। শাকিলের খোঁজ বের করতে নানাভাবে চেষ্টা করছেন কর্মকর্তারা।
প্রথম আলোর বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানিয়েছেন, মিরপুরের ওই বাড়ি থেকে গ্রেপ্তার হওয়া আবু সাঈদ ওরফে রাসেল ওরফে সালমানের স্বজনেরা পুলিশের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাঁরা বলছেন, পুলিশ সালমানকে মিরপুর থেকে গ্রেপ্তারের দাবি করলেও তাঁকে গ্রেপ্তার করা হয়েছে দিনাজপুরের বাড়ি থেকে। তবে কবে কখন তাঁকে ধরা হয়েছে, এ বিষয়ে মুখ খোলেননি স্বজনেরা।
গতকাল দুপুরে দিনাজপুর শহরের পাটুয়াপাড়ায় সালমান ওরফে আবু সাঈদের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর বোনের সঙ্গে। স্বজনেরা শুধু জানিয়েছেন, বেশ কিছুদিন আগে ডিবি পরিচয়ে সালমানকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। তবে কত দিন আগে, কোন তারিখে নেওয়া হয়েছে, সে বিষয়ে কিছুই বলতে চাননি স্বজনেরা। বাড়িতে ঢুকতে চাইলে পরিবারের অন্য সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চান না বলে জানিয়ে দেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে জানান, আবু সাঈদ ঢাকায় ধরা পড়েছেন বলে তিনি শুনেছেন। এর চেয়ে বেশি কিছু তিনি জানেন না।