চার জায়গায় দোকানসহ ১১ বাড়িতে ডাকাতি, আহত ৯
মৌলভীবাজার পৌরসভা ও বড়লেখা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও কসবায় চারটি দোকানসহ ১১ বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় বাধা দেওয়ায় ডাকাতদের হামলায় দুই নারীসহ নয়জন আহত হয়েছেন। এঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গত মঙ্গলবার দিবাগত রাতে এসব ডাকাতির ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
মৌলভীবাজার: একদল ডাকাত মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর আখড়া এলাকার ব্যবসায়ী প্রদীপ দের (৪৫) বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১৫ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার দিলে ডাকাতেরা গৃহকর্তা, তাঁর স্ত্রী শিপা দে (৩৯) ও ছেলে প্রতীম দেকে (১৪) কুপিয়ে পালায়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি আবদুছ ছালেক গতকাল বলেন, ‘ডাকাতিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।’
এদিকে বড়লেখা পৌর শহরের পাখিয়ালা গ্রামের সিরাজ উদ্দিনের (৬০) বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে ডাকাতেরা। বাধা দিলে গৃহকর্তা ও তাঁর ছেলে মোহাম্মদ জাকারিয়াকে (২৫) কুপিয়ে জখম করা হয়। পরে ডাকাতেরা প্রায় দুই লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। আহত বাবা-ছেলেকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বড়লেখা থানার ওসি আবুল হাসেম বলেন, ‘ডাকাতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’
বাঞ্ছারামপুর: উপজেলা সদরের বাঞ্ছারামপুর ও উজানচর বাজারে তিন ব্যক্তির বাড়ি ও চারটি দোকানে ডাকাতি হয়েছে। বাঞ্ছারামপুর গ্রামের প্রবাসী মাইনুদ্দিন মিয়ার বাড়ির গেটের তালা কেটে দুই ভাড়াটিয়া ও পাশের শামসুজ্জামানের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা তিন ভরি সোনা, ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বাধা দেওয়ায় শামসুজ্জামান ও তাঁর স্ত্রীকে পিটিয়ে আহত করে তারা। পরে আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় শামসুজ্জামানকে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উজানচর বাজারে আরেক দল ডাকাত দুই প্রহরীকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে দুটি স্বর্ণের দোকানসহ চার দোকানে ডাকাতি করে। আহত দুই প্রহরী পরে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
বাঞ্ছারামপুর থানার ওসি অংশুকুমার দেব বলেন, রাতেই পুলিশ উজানচরের ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাঞ্ছারামপুরেও পুলিশ পাঠানো হয়েছে।
কসবা: উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের মুছা মিয়ার বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতেরা ১৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে। একই রাতে ডাকাতেরা উপজেলার বাদৈর ইউনিয়নের শিকরপুর গ্রামের বশির মিয়ার বাড়ি থেকে ৬০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুট করেছে। এর আগে গত রোববার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের পাঁচটি বাড়িতে ডাকাতি হয়। এর এক দিন পরই আবার খাড়েরা ইউনিয়নে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, খাড়েরার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মামলা করতে বলা হয়েছে। বায়েকের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।