চার জেলায় আটক ১১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার জেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীসহ ১১২ জনকে আটক করেছে পুলিশ। নাশকতার আশঙ্কায় গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

নাটোর-৩ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কাজী গোলাম মোর্শেদসহ দুজনকে আটক করেছে পুলিশ। নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান, নাশকতার আশঙ্কায় শুক্রবার রাত দেড়টার দিকে পুলিশ তাঁকে আটক করে। এ ছাড়া নাটোরের বড়াইগ্রাম থেকে শুক্রবার রাতে শিবিরের কর্মী রুহুল আমিনকে আটক করেছে পুলিশ।
নীলফামারীতে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ১৩ নেতা-কর্মীসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে জামায়াতের ১০ জন, শিবিরের একজন এবং বিএনপির দুজন নেতা-কর্মী রয়েছেন। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেন।
বাগেরহাটের রামপাল উপজেলা জামায়াতের আমীর জুলফিকার আলীসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সোনাতুনিয়া দাখিল মাদ্রাসার পেছন থেকে উপজেলা জামায়াতের আমীর ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে তল্লাশি করে সেখান থেকে ১০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়। বাকিদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
যশোর জেলার আট উপজেলায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ৫৫ জনকে আটক করেছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য আজিজুর রহমানসহ জামায়াতের সাতজন ও শিবিরের একজন কর্মী আছেন।
যশোর পুলিশের মুখপাত্র মীর শাফিন মাহমুদ বলেন, ‘নাশকতার অভিযোগ এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, এমন ব্যক্তিদের আটক করা হচ্ছে।’

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নাটোর, নীলফামারী ও বাগেরহাট প্রতিনিধি এবং যশোর অফিস)