চার জেলায় ঈদ জামাত ঘিরে সংঘর্ষ, নিহত ২
ঈদের জামাতকে কেন্দ্র করে হবিগঞ্জ, চাঁদপুর, ময়মনসিংহ ও জামালপুরে আজ মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। হবিগঞ্জ ও চাঁদপুরে দুজন নিহত হয়েছেন। এই চার জেলায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৮৫ জন।
আমাদের প্রতিনিধি, আঞ্চলিক অফিস ও সংবাদদাতাদের পাঠানো খবর:
হবিগঞ্জ: লাখাই উপজেলার মাদনা বেগুনাই গ্রামে আজ ঈদের জামাতে প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অর্ধশত মানুষ আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শামীম মিয়া (৫০)।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী ফরিদ প্রথম আলোকে জানান, সকালে মাদনা বেগুনাই গ্রামের ঈদগাহে ঈদের জামাতে প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোরশেদ কামালের সঙ্গে একই গ্রামের সুয়াই মিয়ার কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে সুয়াই মিয়ার ভাতিজা শামীম মিয়া নিহত হন। আহত লোকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর: জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী দরবার শরিফ ঈদগাহ প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। রফিকুল ফরাজীকান্দী গ্রামের বাসিন্দা। তিনি একটি দরজির দোকানে বসা অবস্থায় দুই পক্ষের সংঘর্ষের শিকার হয়ে মারা যান।
ফরাজীকান্দী ইউনিয়ন পরিষেদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, ফরাজীকান্দী দরবার শরিফের পীর সাইক মাঞ্জুর আহম্মেদ মারা যাওয়ার পর দুটি পক্ষের সৃষ্টি হয়। এক পক্ষে পীরের ভাইয়ের অনুসারী আর অন্য পক্ষে পীরের সন্তানদের অনুসারীরা।
মতলব থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান, কয়েক বছর ধরে ইমামতি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। একে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার আমির জাফর।
জামালপুর: দেওয়ানগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় মিতালী উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নিয়ে মিয়াপাড়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য জয়নাল ও পূর্ব কামারেরচর গ্রামের বাসিন্দা বর্তমান ইউপি সদস্য নান্দুর মধ্যে বিরোধ চলে আসছিল। জয়নাল আজ সকাল ১০টার দিকে স্কুলের ঈদগাহ মাঠে নামাজ পড়তে গেলে নান্দু ও তাঁর লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত লোকজনকে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ: গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী জানান, জেলার গৌরীপুর উপজেলার রুকুন্দীপুর গ্রামে দুদল গ্রামবাসীর মধ্যে বিরোধের জের ধরে কাঁচা সড়কের দুই পাশে মাত্র ১০ গজ দূরত্বে দুটি ঈদগাহে নামাজ পড়া হয়। দুটি ঈদগাহে একই সময়ে মাইকে খুতবা পড়ার কারণে পরস্পরের অসুবিধা হলে দুই পক্ষই একে অপরকে মাইক বন্ধ করতে বলে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, রামদা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।