চার জেলায় গুলিবিদ্ধসহ আহত অন্তত অর্ধশত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে গত বুধবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত অন্তত চার জেলায় সংঘর্ষ-সহিসংতার ঘটনা ঘটেছে। এর মধ্যে মাদারীপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৩০ জন। রাজবাড়ীতে আওয়ামী লীগ-সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত হন আরও অন্তত ২০ জন। সংঘর্ষ ও সহিংসতার সময় বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশের ফাঁকা গুলি, পাল্টাপাল্টি ধাওয়ার মতো ঘটনাও ঘটে।

প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:

মাদারীপুরের মস্তফাপুর ইউপির নির্বাচন-পরবর্তী সংঘাতে গতকাল দফায় দফায় আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হন। এ সময় প্রায় ৩০টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। ফাটানো হয় শতাধিক ককটেল। এসব ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার মস্তফাপুর ইউপিতে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কুদ্দুস মল্লিক নির্বাচিত হন। তখন থেকেই তাঁর সমর্থকদের সঙ্গে দলটির বিদ্রোহী ও পরাজিত প্রার্থী সোহরাব হোসেন খানের সমর্থকদের উত্তেজনা চলছিল। এর ধারাবাহিকতায় গতকাল সকালে দুই পক্ষের সমর্থকেরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সমর্থকদের জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে শত শত সমর্থকের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হন বাদল মীর, জুয়েল মল্লিক, শাহ আলম, আবির খাঁ, আরিফ হাওলাদার, শওকত হাওলাদার ও সাইফুল ইসলাম। তাঁদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অনেককে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

রাজবাড়ীর বালিয়াকান্দির ইসলামপুর ইউপি নির্বাচনকে ঘিরে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার ইউনিয়নের রামদিয়া বাজারে বিকেল সাড়ে চারটা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেল ও নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি অটোবাইক ও মাইক আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া আরও সাত-আটটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ইউপির আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আহমদ আলী মাস্টার ও স্বতন্ত্র প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আবুল হোসেন খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ-সহিংসতা হয়।

সংঘর্ষে বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) দীপন কুমার মণ্ডল, সাংবাদিক এস এম রাহাত হোসেনসহ বিবদমান প্রার্থীদের কমপক্ষে ২০ জন সমর্থক আহত হন। আহত ব্যক্তিদের বালিয়াকান্দি, রাজবাড়ীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল, একটি অটোবাইক ও মাইক পুড়িয়ে দেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা। ভাঙচুর করেন আরও সাত-আটটি মোটরসাইকেল, ম্যাজিক গাড়ি।

বালিয়াকান্দি থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় এসআই দীপন কুমার মণ্ডল থানায় অজ্ঞাতনামা তিন-চার শ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান ও বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী খোকনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় নৌকা প্রার্থীর মাইক ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার রাতে বেলতলা এলাকায় এ ঘটনার সময় পুলিশ ২১টি ফাঁকা গুলি ছোড়ে।

ময়মনসিংহের নান্দাইলে নিজেদের মৎস্য খামারের প্রহরা ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় এক তরুণকে কুপিয়ে গুরুতর আহত করেছেন দুর্বৃত্তরা। আহত মো. আশিকুর রহমান নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্যপ্রার্থী মো. ছিনু মিয়ার ছেলে। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। পরদিন ভোরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ এজাহার দেননি।