চার জেলায় গ্রেপ্তার ৯২
চার জেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৩ জন নেতা-কর্মীসহ ৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযানগুলো পরিচালিত হয়।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: নগরের চার থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা বড়ি, প্যাথেড্রিন, হেরোইন, ফেনসিডিল ও চোলাই মদ উদ্ধার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, বোয়ালিয়া মডেল থানায় ১১ জন, রাজপাড়ায় ১৬ জন, মতিহারে ১৩ জন, শাহমখদুমে ৫ জন ও ডিবি পুলিশের হাতে ২ জন গ্রেপ্তার হয়েছেন।
সাতক্ষীরা: আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৯ জন কর্মীসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, সদর থানায় ১৬ জন; কলারোয়া ও শ্যামনগরে ৪ জন করে; তালা, দেবহাটা ও পাটকেলঘাটায় ২ জন করে, কালীগঞ্জে ৬ জন ও আশাশুনিতে ৫ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
জামালপুর: সদর উপজেলার হাসিল এলাকায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, আটটি গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, শহরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা চলছে—এ খবরের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তিন যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
নাটোর: নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল গ্রামে গতকাল ভোরে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমির আবদুর রফকে (৫৮) গ্রেপ্তার করে পুলিশ। নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল বলেন, সদর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করে গতকাল সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।