চার জেলায় চারজন খুন!
ফরিদপুরের সালথায় কাঠ ব্যবসায়ী, পিরোজপুরে গৃহবধূ, বাগেরহাটে শিশু ও যশোরের শার্শা উপজেলায় এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার মৃতদেহ চারটি উদ্ধার করা হয়। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: শার্শা উপজেলার একটি ইটভাটা থেকে ফাতেমা বেগম (২০) নামের এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার খাজুরা গ্রামে অবস্থিত কবীর ব্রিকস নামের ইটভাটার একটি কুঁড়েঘর থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ফাতেমার স্বামী রফজান আলীকে (২৫) আটক করেছে পুলিশ। তাঁদের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাসবাগান গ্রামে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মে. মনিরুজ্জামান বলেন, ‘রফজানের লাঠির আঘাতে ফাতেমার মৃত্যু হয়েছে। পরে তিনি ফাতেমার গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখেন। আমাদের জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।’
পুলিশ জানায়, ফাতেমা ও তাঁর স্বামী রফজান আলী খাজুরা গ্রামের ওই ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। গতকাল বুধবার সকালে ইটভাটার কয়েক জন শ্রমিক কুঁড়েঘরে ফাতেমার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় এবং ইটভাটার শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে এ সময় পুলিশ ফাতেমার স্বামী রফজান আলীকে আটক করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় ফাতেমার ভাই রায়হান হোসেন বাদী হয়ে রফজানকে আসামি করে গতকাল শার্শা থানায় একটি হত্যা মামলা করেন। গতকালই রফজানকে আদালতে নেওয়া হয়।
ফরিদপুর: গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সালথা উপজেলার আটঘর ইউপির জয়কাইল কালীবাড়ি এলাকার রাস্তার পাশ থেকে মো. এসকেন সরদার (৪৫) নামের কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে থানা-পুলিশ। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি একই ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং তাঁর এক ছেলে রয়েছে।
এসকেন সরদারের স্ত্রী রোকেয়া বেগম জানান, এসকেন কাঠের ব্যবসা করতেন। তাঁর কোনো শত্রু ছিল না। গত মঙ্গলবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে খবর পান যে তাঁর লাশ জয়কাইল কালীবাড়ি এলাকায় পড়ে আছে।
জয়কাইল গ্রামের একাধিক ব্যক্তি জানান, যেখানে এসকেনের লাশ পাওয়া গেছে, তার পাশেই জুয়ার আসর বসে। এসকেন নিজেও মাঝে মাঝে জুয়া খেলতেন। কয়েক দিন আগে এসকেনের সঙ্গে কয়েকজন জুয়াড়ির কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাও ঘটে। স্থানীয় লোকজনের ধারণা, জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে এসকেনকে হত্যা করা হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পিরোজপুর: সদর হাসপাতাল থেকে গতকাল দুপুরে মনি আক্তার (১৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী মিজানুর রহমান পলাতক। মনি আক্তার স্থানীয় করিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করত।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পিরোজপুর পৌরসভার খুমুরিয়া মহল্লার হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমানের (৩০) সঙ্গে পৌরসভার ভাইজোড়া গ্রামের আবদুল খালেকের মেয়ে মনি আক্তারের চার মাস আগে বিয়ে হয়। বিয়েতে মেয়েটির পরিবারের সম্মতি ছিল না। বিয়ের পর মনি শ্বশুরবাড়িতে বসবাস করত। গতকাল সকাল সোয়া ১০টার দিকে শ্বশুরবাড়ি থেকে মনি আক্তারের বাবা আবদুল খালেককে ফোন করে জানানো হয় তার মেয়ে অসুস্থ। খবর পেয়ে আবদুল খালেক সেখানে গিয়ে মেয়েকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মনিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আবদুল খালেক অভিযোগ করেন, মেয়েজামাই মিজানুর রহমান মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য মনিকে প্রায়ই মারধর করতেন। মনিকে শ্বাসরোধে হত্যার পর মিজানুর রহমান পালিয়ে যান।
মিজানুর রহমানের বাবা হাবিবুর রহমান বলেন, মনি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ জুয়েল বলেন, মনিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
বাগেরহাট: শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের ধানখেত থেকে গতকাল বুধবার সন্ধ্যায় মায়া আক্তার (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মায়া নিখোঁজ হয়েছিল। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির সৎ বাবা আল আমিন হাওলাদারকে আটক করেছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।
মায়া আক্তার উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামের জ্যোৎস্না আক্তারের মেয়ে। সে রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।