চার জেলায় ছয়জনের লাশ উদ্ধার
বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে দুজন এবং ঝিনাইদহে এক নারী ও ভোলায় এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার থেকে গতকাল রোববারের মধ্যে লাশগুলো উদ্ধার করা হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের কাতারপ্রবাসী আব্বাস হোসেনের স্ত্রী দিলারা বেগমের (২৮) লাশ গতকাল সকালে বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার করা হয়েছে। দিলারার পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছেন।
এ ছাড়া তালতলী উপজেলার বেহালার খাল থেকে শুক্রবার সন্ধ্যায় আবুল কাসেম (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা থানার পুলিশ স্থানীয় কুমার নদের পৃথক স্থান থেকে এক নারীর দেহ ও মাথা উদ্ধার করেছে। শনিবার মাথাবিহীন দেহ আর গতকাল মাথা উদ্ধার করা হয়। শনিবার বিকেলে শৈলকুপা উপজেলার বারইপাড়া-দেবতলা এলাকায় কুমার নদ থেকে মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। গতকাল সকালে একই নদের বিজুলীয়া গ্রামের কাছ থেকে মাথাটি উদ্ধার করে পুলিশ।
ভোলা: ভোলা সদর উপজেলার মেঘনা নদীর দক্ষিণ রাজাপুর এলাকা থেকে আশ্রাফ হোসেন মোল্লা (৩৪) নামের এক মাছ ব্যবসায়ীর লাশ পুলিশ গতকাল বিকেলে উদ্ধার করেছে। তাঁর বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাটে।
কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটা সৈকতসংলগ্ন ঝাউবাগান ও গঙ্গামতী সৈকত থেকে শুক্রবার দুপুরে অজ্ঞাতনামা দুই ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।