চার জেলায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৯২
পুলিশ ও র্যা ব সদস্যরা অভিযান চালিয়ে চার জেলা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৯২ জনকে গ্রেপ্তার করেছেন। গত শনিবার রাতে এবং গতকাল রোববার নড়াইল, সাতক্ষীরা, ঝিনাইদহ ও পাবনার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নড়াইল প্রতিনিধি জানান, জেলা জামায়াতের রোকন এবং সদর উপজেলার আউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ মিজানুর রহমানকে শনিবার রাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে আউড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
নড়াইলের সহকারী পুলিশ সুপার এস এম কামরুজ্জামান বলেন, নাশকতা সৃষ্টির আশঙ্কায় মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে উগ্রবাদ উসকে দেয় এমন বই ও জামায়াতের লিফলেট উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, পুলিশের বিশেষ অভিযানে ছয় উপজেলা থেকে জামায়াত-শিবিরের ২১ নেতা-কর্মীসহ ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বেশির ভাগ নাশকতা মামলার আসামি।
সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, শনিবার সন্ধ্যা থেকে গতকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া লোকজনের মধ্যে জামায়াত-শিবিরের কয়েকজন রয়েছেন। তাঁদেরই মূলত নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পাবনা অফিস জানায়, সুজানগর উপজেলার খয়রান গ্রামে শনিবার অভিযান চালিয়ে শিবিরের দুই নেতাকে আটক করেছে র্যা ব। তাঁরা হলেন সুজানগর পৌর ছাত্রশিবিরের সম্পাদক রাশেদুল রহিম ওরফে সজিব এবং ভায়না ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম ওরফে এরশাদ।
র্যা ব জানিয়েছে, খয়রান সেতুর কাছে শিবিরের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন, এমন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ওই দুজনকে আটক করে র্যা ব।