চার জেলায় সংঘর্ষ, গুলি, কারচুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্তত চার জেলায় সংঘর্ষ, গোলাগুলি ও কারচুপির ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের আঘাতে পোলিং এজেন্টসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সব কটি সংঘর্ষের ঘটনা আওয়ামী লীগ-আওয়ামী লীগের মধ্যে হয়েছে। যদিও পরোক্ষ এই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী ছিল না।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্র থেকে কঠোর নির্দেশনা ছিল, কোনোভাবেই যেন নির্বাচনের আচরণবিধি ভঙ্গ না হয়। তারপরও প্রার্থীর পক্ষে অতি উৎসাহী কিছু কর্মী অনেক সময় কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমার মনে হয়, নির্বাচন কমিশন যথেষ্ট সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন করেছে।’

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচন শুরুর আগে ভোটকেন্দ্রে প্রবেশ করা নিয়ে দুই সদস্য প্রার্থী ইকবাল হোসেন ও কামরুজ্জামানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

গতকাল বুধবার সকাল আটটায় রাজৈর উপজেলার ৬ নম্বর ভোটকেন্দ্র হোসেনপুর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন তিনজন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে সদস্য প্রার্থী ফারুক খানের সমর্থকেরা সদরের ৯ নম্বর ভোটকেন্দ্র হাউসদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে গেলে পুলিশের বাধায় ফিরে আসেন। ছবি তুলতে গেলে সময় টিভির দুই সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। পরে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন বলেন, ভোট গ্রহণের আগে একটি কেন্দ্রে সামান্য একটু সমস্যা হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসায় নির্বিঘ্নে ভোট গ্রহণ করা হয়েছে।

নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খানের বাড়ির সামনে পাঁচটি ফাঁকা গুলি করেছে সন্ত্রাসীরা। গতকাল বিকেলে নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিজাম উদ্দীন খান বলেন, ‘গতকাল বুধবার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সৈয়দ আইয়ুব আলী পরাজিত হন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন বিশ্বাস বিজয়ী হন। বেলা তিনটা ১৯ মিনিটের দিকে সোহরাব হোসেনের সমর্থকেরা অতি উৎসাহী হয়ে উল্লাস প্রকাশ করতে গিয়ে আমার বাড়ির সামনে পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।’ পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম গুলিবর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় মাগুরার আলমখালী বাজারে তিনজনকে এবং শ্রীপুর সদরে পোলিং এজেন্টসহ দুজনকে কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষ। আহত ব্যক্তিদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমখালীতে আহত ব্যক্তিরা হলেন শামীম বিশ্বাস (৩৫), আবদুর রাজ্জাক মোল্লা (৫০) ও আলম হোসেন (৪৫)। আর শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থী কুতুব উল্লাহ হোসেনের পোলিং এজেন্ট মিটুল মিয়া ও তৌহিদুল ইসলামকে সদর ভোটকেন্দ্রের বাইরে প্রতিপক্ষ পিটিয়ে গুরুতর আহত করেছে। তাঁরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন হোসেন বলেন, হাসপাতাল থেকে আহত ব্যক্তিদের মারধরের বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধায় ভোট কারচুপির অভিযোগ এনে গতকাল বিকেল পাঁচটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ শামস-উল-আলমের সমর্থকেরা গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন। ফলে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় তাঁরা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে স্লোগান দেন।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর মাদারীপুর, নড়াইল, ঝিনাইদহ ও গাইবান্ধা প্রতিনিধি)।