চার জেলায় সংঘর্ষ, নিহত ১, আহত ১২২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর বস্তি গ্রামে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। একই দিন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পৃথক সংঘর্ষে ১১২ জন আহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;
হবিগঞ্জ: গতকাল সকালে উপজেলা চানপুর বস্তি গ্রামের রফিক মিয়ার (৩০) সঙ্গে তাঁর দূরসম্পর্কের চাচাতো ভাই ইলিয়াস মিয়ার কথা-কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে রফিক মিয়া (৩০) ঘটনাস্থলেই নিহত হন ও ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ গোলাপ হোসেন, আবদুল মতিন, ইব্রাহিম মিয়া ও লুতু মিয়া নামে চার ব্যক্তিকে আটক করেছে।
সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জের কামরূপদলং গ্রামের নুরুল ইসলাম ও আনোয়ার আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে রাত আটটার দিকে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হন। গুরুতর আহত ছয়জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই গ্রামের আতিক হাসান, হাসান আলী, আবদুর রহমান, মুহিবুর রহমান, আজিজুর রহমান ও মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের নগরবাড়ির উমর কাদির ও ভুলোবাড়ির অহিদ মিয়ার মধ্যে গত শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাজারে একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহত অন্তত ৫০ জনের মধ্যে ২৪ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন ৮-১০টি বসতবাড়িতে ভাঙচুর চালান।
মৌলভীবাজার: গত শুক্রবার রাজনগর উপজেলার যাদুরগুল গ্রামের ছতু মিয়ার মেয়ে আমিনা বেগমের সঙ্গে জুড়ী উপজেলার উত্তর বরডহর গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে আবদুস সবুরের বিয়ে হয়। বিকেলে কনের বাড়ির পাশের একটি চা-বাগানে গিয়ে বরযাত্রীরা ছবি তুলছিলেন। এ সময় ছবি তোলা নিয়ে তাঁদের সঙ্গে স্থানীয় যাদুরগুল গ্রামের কয়েকজন যুবকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হন।