চার জেলায় সংঘর্ষ, হামলায় আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চার জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে। গত রোববার ও গতকাল পটুয়াখালী সদর, নোয়াখালীর হাতিয়া, পিরোজপুরের মঠবাড়িয়া, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসব ঘটনায় ২৫ জনের মতো আহত হয়েছেন।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও অফিসের পাঠানো খবর:
পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়ায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। গতকাল সোমবার বিকেলে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. দেলোয়ার হোসেন মৃধা ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ কে এম মনিরুজ্জামানের কর্মী-সমর্থকেরা জনসংযোগকালে লাঠিসোঁটা ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী মিরাজ উদ্দিনকে (৪৫) কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন। গতকাল বিকেলে হেকিম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মিরাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় ব্যক্তিরা। এ ঘটনার জের ধরে নৌকার প্রার্থী নূর ইসলাম ওরফে মালয়েশিয়া ও ‘বিদ্রোহী’ প্রার্থী ইয়াছিন আরাফাতের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া বাজারে গতকাল সন্ধ্যায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাইনুল ইসলাম বড়মাছুয়া বাজারে নির্বাচনী কার্যালয়ে সভা করছিলেন। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের ২০-২৫ জন সমর্থক বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। তবে নাসির উদ্দিন উল্টো অভিযোগ করেন, তাঁর কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।
চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকা নিয়ে গত রোববার বিকেলে দলটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটেছে।