চার জেলায় সংঘর্ষে আহত দুই শতাধিক
বরগুনার পাথরঘাটা, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় আহত হয়েছেন দুই শতাধিক। এর মধ্যে একজন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। এই চারটি জেলার বিভিন্ন কেন্দ্রে ব্যালট ছিনতাই ও বেশ কটি ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পাথরঘাটা (বরগুনা): উপজেলার সাতটি ইউপিতে সহিংসতায় অন্তত ৩০ জন জখমসহ শতাধিক আহত হন। গুরুতর আহত ব্যক্তিদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চরদুয়ানী ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান গতকাল পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদের নৌকা প্রতীকের ভোট কাটে এক দল ‘মাস্তান’।
গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলায় গতকাল নির্বাচনী সহিংসতায় শতাধিক ব্যক্তি আহত হন। এর মধ্যে উজিরপুর উপজেলার হারতা ইউপির জামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হরেন রায় ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান প্রার্থী বিমল চন্দ্রের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে বিজিবি, র্যা ব, পুলিশের স্ট্রাইকিং ফোর্স নিয়ে নির্বাহী হাকিম ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান প্রার্থীকে উদ্ধার করেন। এ সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী হরেন রায়সহ ২০ জন আহত হন।
এদিকে উজিরপুরের বামরাইল ইউপিতে ভরসাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ প্রার্থী মো. ইউসুফ আলীর ২০-২৫ জন সমর্থক ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা করলে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুল মতিন নান্টুর সমর্থকেরা প্রতিরোধ করেন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন।
সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার শোলক ইউপির কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন পাঁচজন। বড়াকোঠার দরগাবাড়ী কেন্দ্রে সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনায়েত হোসেনসহ ১০ জন আহত হন।
অগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনপির আমবৌলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। বাকাল ইউপির আগৈলঝাড়া বিএইচপি একাডেমি ভোটকেন্দ্রে সদস্য প্রার্থী আশাদ খলিফা ও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. এসাহাক খলিফার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ছাড়া আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউপির ভাল্লুকসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থী অমিত হালদার ও অলি ফকিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হন।
গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউপির ঢাকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ হাওলাদার ও কুদ্দুস মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. নুর আলম সেরনিয়াবাতের সমর্থক জখম হন। এর জেরে নৌকার সমর্থকেরা ও বিক্ষুব্ধ এলাকাবাসী দুপুর ১২টায় কেন্দ্রে হামলা করে পুলিশ, আনসার, ভিডিপি, প্রিসাইডিং কর্মকর্তাসহ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে অতিরিক্ত পুলিশ, র্যা ব ও বিজিবির সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। মাহিলাড়া ইউপির শরিফবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা দেড়টার দিকে সদস্য প্রার্থী মো. মিন্টু সিকদার ও হারুন আর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হন।
গোপালগঞ্জ: টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একটি ফাঁকা গুলি ছোড়ে। বেলা তিনটার দিকে গুয়াধানা বেণী মাধব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউপি সদস্য প্রার্থী বাসুদেব মণ্ডলের (ফুটবল) সমর্থকেরা ওই কেন্দ্রে জাল ভোট দিতে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সঞ্জয় পাটোয়ারীর (মোরগ) সমর্থকদের সঙ্গে এ সংঘর্ষ বাধে।
পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউপির মধ্য বড়মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীরা ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশ গুলি ছোড়ে।
এ সময় মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গুলিবিদ্ধ হন। এ ছাড়া উপজেলার পাতাকাটা মুজাহার হাজি ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে পুলিশের ছোড়া গুলিতে মতিউর রহমান নামে আওয়ামী লীগের এক সমর্থক আহত হন। দুপুরে উপজেলার দাউদখালী ইউপির আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জাহিদুল আলমকে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা মারধর করেন। এদিকে মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউপির পূর্ব সেনের টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক মো. কামরুজ্জজামান নামের এক ব্যক্তিকে দেড় বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।