চার জেলায় সমাবেশ-মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের ওপর নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে গতকাল পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ l ছবি: প্রথম আলো
প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের ওপর নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে গতকাল পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ l ছবি: প্রথম আলো

প্রথম আলোর বাউফল প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে গতকাল রোববার তিন জেলায় মানববন্ধন ও সভা-সমাবেশ হয়েছে। এসব কর্মসূচি থেকে মিজানুরের মুক্তি ও নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করা হয়।
গতকাল সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনে পটুয়াখালীর জেলা সদরসহ উপজেলার সংবাদকর্মীরা, বরিশাল প্রেসক্লাব, জেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চাটার্জি, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু জাফর খান, মুক্তিযোদ্ধা শাহজাহান খান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক নাসরিন মোজাম্মেল, গণজাগরণ মঞ্চের জেলা সমন্বয়কারী সুভাষ চন্দ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
পিরোজপুরের মঠবাড়িয়া প্রেসক্লাবে গতকাল সকালে প্রতিবাদ সমাবেশ হয়েছে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক হারুন অর রশিদ, ইসরাত জাহান, হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সুভাষ দেবনাথ প্রমুখ। বক্তারা সাংবাদিক মিজানুরের মুক্তি ও নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান। মিজানুরের ওপর নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পিরোজপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল হক।
গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে প্রতিবাদ সভা হয়েছে। প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা যতীন্দ্র মোহন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাংবাদিক মোহাম্মদ মাহবুব খান, সামছুল আরেফিন, সৈয়দ কামরুজ্জামান, জুলকার নাঈন প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে বরগুনায়। জেলা রেডিও-টেলিভিশন সাংবাদিক ফোরাম বেলা ১১টায় শহরের সদর রোডে এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এতে বক্তারা নির্যাতনে জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেন। একই সঙ্গে মিজানুরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তাঁর উন্নত চিকিৎসার দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসান ঝন্টু, জেলা সিপিবির সভাপতি আবদুল হালিম, জেলা রেডিও-টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বাসদের সমন্বয়ক ফেরদৌস আহমেদ প্রমুখ।
পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে মিজানুরকে গ্রেপ্তার করে বাউফল থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে নির্যাতন করা হয়। গতকাল মিজানুরের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান আদালত।