চার জেলায় সহিংসতায় আহত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সহিংসতায় গতকাল মঙ্গলবার ও গত সোমবার চার জেলায় অন্তত ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে রাজবাড়ীতে পুলিশের গুলিতে নারীসহ দুজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজবাড়ী: পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গা গ্রামে গতকাল সকালে আওয়ামী লীগের প্রার্থী আজমল আল বাহার ওরফে বাহার বিশ্বাস এবং বিদ্রোহী প্রার্থী আবদুস সোবহানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। পরে পুলিশ গ্রামটিতে বাহার বিশ্বাসের পক্ষের দুটি বাড়িতে ঢুকে গুলি ছোড়ে বলে গ্রামবাসী জানিয়েছেন। এ ঘটনায় মর্জিনা বেগম (৩৫) ও মন্দির মোল্লা (৫২) গুলিবিদ্ধ হন। মর্জিনা গ্রামের মোক্তার হোসেনের স্ত্রী। মন্দিরের বাড়ি বেজপাড়া গ্রামে।

আহত মর্জিনা বলেন, পুলিশ বাড়িতে ঢুকে তাঁর পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। পরে দৌড়ে বারান্দায় গেলে আরেকটি গুলি করে। এতে তিনি অচেতন হয়ে যান। মন্দির মোল্লা বলেন, ‘আমার মেয়ে খামারডাঙ্গায় সিদ্দিক হোসেনের বাড়িতে কাজ করে। আমি টাকা আনতে সেখানে গিয়েছিলাম। এ সময় আমাকে ঘর থেকে বের করে এনে পায়ে গুলি করে পুলিশ।’

দুজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক তরুণ পাল বলেন, মর্জিনার শরীর থেকে একটি রাবারের গুলি বের করা হয়েছে। আরেকটি বেশ ভেতরে ঢুকে যাওয়ায় বের করা যায়নি। মন্দিরের শরীরে জখম থাকলেও তিনি গুলিবিদ্ধ নন বলে তাঁর ধারণা।

পাংশা থানার ওসি আবু শামা ইকবাল হায়াতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তবে রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ওসি তাঁকে জানিয়েছেন, পুলিশ কাউকে গুলি করেনি।

এদিকে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাসিবুর রহমানের বাড়িতে গতকাল দুপুরে হামলা হয়েছে।

লোহাগড়া (নড়াইল): লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই মনোনয়নপ্রত্যাশী বর্তমান চেয়ারম্যান আকতার হোসেন ফকির ও সাবেক চেয়ারম্যান শরিফুল আলমের সমর্থকদের মধ্যে গতকাল সকালে চাচই গ্রামে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হন। এর মধ্যে তরিকুল ইসলাম (৩০), তয়েব জমাদ্দার (৩৫) ও বিল্লাল জমাদ্দার (১৮) নামের তিনজনের অবস্থা গুরুতর। তাঁরা আকতার ফকিরের সমর্থক। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একই পক্ষের কোহিনুর বেগম (৫০), সোহেব জমাদ্দার (১৮), লিটন জমাদ্দার (৩৫) ও জসীম শেখ (৩০) এবং শরিফুল আলম পক্ষের তহমিনা বেগম (২৫) ও লাকী বেগমকে (৩০) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, এলাকার উত্তেজনা প্রশমনে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুল বারেককে (৪৫) সোমবার রাতে রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।

পরিবারের ভাষ্য, আবদুল বারেক ও হাফেজ আলী দুজনই আওয়ামী লীগের কর্মী। ইউপি সদস্য পদের জন্য তাঁরা প্রচারণা চালিয়ে আসছেন। তবে নির্বাচন থেকে সরে যেতে আবদুল বারেককে চাপ দিয়ে আসছিলেন হাফেজ আলী। আবদুল বারেক নির্বাচনের খরচ জোগাতে জুনাইল বাজারে গরু বিক্রি করে সোমবার রাতে কুশমাইল গ্রামে নিজ বাড়ি আসছিলেন। পথে তাঁকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যান হাফেজ আলী ও তাঁর ছেলেরা। এ সময় গরু বিক্রির সোয়া এক লাখ টাকাও কেড়ে নেওয়া হয়। খবর পেয়ে স্বজনেরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

মানিকগঞ্জ: শিবালয় উপজেলার উলাইল ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলামের সমর্থক লোকমান হোসেনের (২৮) ওপর সোমবার রাত ১১টার দিকে মুক্তানগর বাজারে হামলা হয়। বিএনপির প্রার্থী আনিসুর রহমানের লোকজন এতে জড়িত বলে অভিযোগ।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, আনিসুরের ১০-১২ জন কর্মী-সমর্থক লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে লোকমানের মাথা ফাটিয়ে দেন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

তবে বিএনপির প্রার্থী আনিসুর রহমান বলেন, গ্রামের ছেলেদের সঙ্গে লোকমানের ঝগড়া হয়। ওই ছেলেরাই তাঁকে মারধর করেছে।