চার দিন পর ডিবি কার্যালয়ে খোঁজ মিলল ফাহাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গত বুধবার ঘোরাঘুরি করছিলেন সত্তরোর্ধ্ব খন্দকার ছমিউদ্দিন। কারণ জানতে চাইলে বললেন, তাঁর ছেলে কে এম জিয়াউদ্দিন ফাহাদকে (২৩) ৯ মার্চ কুমিল্লা থেকে ঢাকার ডিবি পরিচয়ে কয়েক ব্যক্তি ধরে এনেছেন। ছেলের খোঁজে তিনি গত মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন। ডিবির কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করছেন।
হাল ছাড়েননি ছমিউদ্দিন। চার দিন পর ছেলের খোঁজ জেনেছেন তিনি। গতকাল শুক্রবার ডিবি সংবাদ সম্মেলন করে ফাহাদকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। তবে ডিবির দাবি, ৯ মার্চ নয়, বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরনিয়ন্ত্রিত ফেসবুক পাতা ‘বাঁশের কেল্লা’র অন্যতম প্রধান সম্পাদক-পরিচালক (এডিটোরিয়াল অ্যাডমিন) ফাহাদ। আরও অর্ধশতাধিক ফেসবুক পাতার সম্পাদকও তিনি। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষকদের আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে ফাহাদকে হাজির করা হয়।
তবে ফাহাদের গ্রেপ্তারের খবর গণমাধ্যমে প্রচার হওয়ার পর গতকাল দুপুরে বাঁশের কেল্লার ফেসবুক পাতায় দাবি করা হয়, তাদের কোনো অ্যাডমিন গ্রেপ্তার হননি।
ফাহাদের বাবা ছমিউদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি প্রথম আলোকে বলেন, তিনি মুক্তিযোদ্ধা। ফাহাদ চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। ফাহাদ মাকে নিয়ে কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষকদের আবাসিক এলাকায় বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ৯ মার্চ বিকেলে তাঁকে ধরে আনে ঢাকার ডিবি পরিচয়ধারীরা। কিন্তু তিনি খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গেলে কর্মকর্তারা গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন, তথ্যও দিচ্ছিলেন না। এতে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এ কয়দিন ডিবি কার্যালয়ে সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদেরও তিনি ছেলের খোঁজ জেনে দিতে অনুরোধ করেন।
ছমিউদ্দিনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, ‘এ অভিযোগ সত্য নয়।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাঁশের কেল্লাসহ অর্ধশতাধিক ফেসবুক পাতায় দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিচারপতি, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যা ব, বিভিন্ন ব্যক্তি ও বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ করছে একটি চক্র। এ বিষয়ে তদন্ত করছে ডিবি। সম্প্রতি ফেসবুকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মানহানিকর বক্তব্যের অভিযোগে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম খানের ছেলে রিফাত আবদুল্লাহ খানকে গ্রেপ্তার করা হয়। তদন্তে পাওয়া তথ্য ও রিফাতের স্বীকারোক্তির ভিত্তিতে নিশ্চিত হয়ে ফাহাদকে আটক করা হয়। গতকাল পল্লবী থানায় তথ্যপ্রযুক্তি আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
দুপুরে ফাহাদকে আদালতে পাঠিয়ে ডিবি এই মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল বলেন, তথ্যপ্রযুক্তির ওপর বিশেষ দক্ষতার কারণে ফাহাদ ছাত্রশিবিরের প্রচার বিভাগের প্রধান সমন্বয়কের দায়িত্ব পান। তিনি ‘ট্রুথ ফাইটার’ ও ‘বিপ্লব দহন’ ছদ্মনামে ফেসবুক ব্যবহার করতেন। এসব ফেসবুক পাতা পরিচালনার ক্ষেত্রে তাঁর সঙ্গে আরও অন্তত ৫০ জন জড়িত আছেন।