চার দিন পর বিএনপি নেতা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের চার দিন পর উদ্ধার হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপির কার্যকরী পরিষদের সদস্য নায়েব আলী আকন্দ (৪০)। আজ রোববার সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর এলাকা থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে।

৬ সেপ্টেম্বর সকালে পীরগঞ্জের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে রংপুরের বিআরটিএ কার্যালয়ে যাওয়ার পর থেকে নায়েব আলী নিখোঁজ ছিলেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে নায়েব আলী উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। নায়েব আলীর উদ্ধৃতি দিয়ে ওসি জানান, ৬ সেপ্টেম্বর দুপুরের দিকে রংপুরের মিঠাপুকুরের শাল্টি এলাকার মোসলেম বাজারের কাছ থেকে চার-পাঁচজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে তুলে তাঁর চোখ বেঁধে ফেলেন। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে চোখের বাঁধন খুলে দিলে তিনি নিজেকে একটি ঘরের মধ্যে দেখতে পান। দুর্বৃত্তরা সেখানেই তাঁকে আটকে রেখে তাঁর ফেসবুক আইডির পাসওয়ার্ড জানতে চান। কান্নাকাটি করলে আজ বেলা তিনটার দিকে দিনাজপুরের ফুলবাড়ি থানার পাশে মোটরসাইকেলসহ তাঁকে রেখে যায় দুর্বৃত্তরা। এরপর সেখান থেকে তিনি মোটরসাইকেল করে মিঠাপুকুরে আসেন। তবে দুর্বৃত্তরা তাঁকে কোনো মারধর করেনি বলে জানিয়েছেন।

ওসি আরও জানান, অপহরণের বিষয়ে নায়েব আলীর বক্তব্য রহস্যজনক। বক্তব্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। নায়েব আলী এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।