চার দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সিংরইল গ্রামের একটি পুকুর থেকে আজ শুক্রবার সকালে মোবারক আলী (১১) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত চার দিন ধরে সে নিখোঁজ ছিল।
মোবারক আলী সিংরইল গ্রামের মুক্তার আলীর ছেলে। সে সগুনা-পাইতালী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় মোবারক। এরপর আর ফিরে আসেনি। খোঁজাখুঁজি করে না পেয়ে গত মঙ্গলবার মোবারকের বাবা নাচোল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে স্থানীয় লোকজন পুকুরে মোবারকের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি জানান, লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।