চার দিনে সাড়ে ছয় শ কেজি ইলিশ জব্দ
ইলিশ প্রজনন মৌসুমে ঢাকায় ইলিশ বিক্রি বন্ধ ও নানা সচেতনতা কার্যক্রম চালাচ্ছে ঢাকা জেলা মৎস্য কার্যালয়। গত কয়েক দিনে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। গত চার দিনে সাড়ে ছয় শ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা মৎস্য অফিস সূত্র জানায়, ১ অক্টোবর ছিল অভিযানের প্রথম দিন। ওই দিনে ঢাকা মহানগরীতে ৩০টি আড়ত, ৫২টি বাজার ও ১৫টি সুপারশপ পরিদর্শন করা হয়। এতে মোট ৫৭০ কেজি ইলিশ ও ৪১ কেজি আফ্রিকান মাগুর জব্দ করে ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়। কর্মসূচির দ্বিতীয় দিন ২ অক্টোবর সাতটি দল ১১টি মৎস্য আড়ত, ৫০টি মাছবাজার ও ১৪টি সুপারশপ পরিদর্শন করে। এদিন মাত্র ৭৬ কেজি ইলিশ পাওয়া যায়, যা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। কর্মসূচির তৃতীয় দিন গতকাল মঙ্গলবার সাতটি দল ১২টি মৎস্য আড়ত, ৫৫টি মাছবাজার ও ১৮টি সুপারশপে অভিযান পরিচালনা করে। এদিন কোথাও কোনো ইলিশ পাওয়া যায়নি। তবে ৬০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। আজ কর্মসূচির চতুর্থ দিনে সাতটি দল ১৩টি মৎস্য আড়ত, ৪২টি মাছবাজার ও ১৩টি সুপার শপে অভিযান পরিচালনা করেন। এতে সাড়ে ৫ কেজি ইলিশ ও ৩৩ কেজি পিরানহা মাছ জব্দ করে তিনটি এতিমখানায় এবং একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার ৫০০ কেজি আফ্রিকার মাগুর নয়টি এতিমখানায় বিতরণ করা হয়।
ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের জন্য ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মৎস্য অধিদপ্তরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের নিয়মিত অভিযান ২২ অক্টোবর পর্যন্ত চলবে।
ঢাকা জেলার মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর বলেন, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর—এই ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ অথবা বিক্রয় নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
মো. আলমগীর জানান, ঢাকা মহানগরীতে ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর থেকে সাতটি পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে। অধিদপ্তরের ৩৬ জন কর্মকর্তা ও কর্মচারী ঢাকা মহানগরীর সমগ্র এলাকায় বিভক্ত হয়ে কাজ করছেন।