চার দিনেও কেউ গ্রেপ্তার হয়নি, মামলা ডিবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়েশা আক্তার
আয়েশা আক্তার

রাজধানীর সোবহানবাগে ছিনতাইকারীদের হাতে গৃহবধূ আয়েশা আক্তার হত্যার ঘটনায় চার দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ধানমন্ডি থানায় হওয়া হত্যা মামলার তদন্তভার গত বৃহস্পতিবার রাতে থানা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়েছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, তাঁরা এখনো মামলার নথিপত্র হাতে পাননি। তবে তদন্ত শুরু হয়েছে। রাজধানীতে সকালে মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলে করে ছিনতাইয়ে জড়িত চক্রটিকে শনাক্ত করতে ডিবি পুলিশ অনেকটা এগিয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আয়েশার হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
গত মঙ্গলবার সকালে সোবহানবাগে মাইক্রোবাসে থাকা দুর্বৃত্ত রিকশারোহী আয়েশার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় পড়ে যান। ব্যাগ ধরে থাকা আয়েশাকে মাইক্রোবাসটি টেনেহিঁচড়ে অন্তত ১০০ গজ দূরে নিয়ে যায়। রাপা প্লাজার কাছে তিনি নিস্তেজ হয়ে পড়েন। দুর্বৃত্তরা ব্যাগটি নিয়ে মাইক্রোবাসে করে পালিয়ে যায়। হাসপাতালে আয়েশা মারা যান।
এদিকে চার দিনেও হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় আয়েশার পরিবার ক্ষোভ প্রকাশ করেছেন। আয়েশার ভাই রায়হান জাদা বলেন, চার দিন পার হলেও তাঁর বোনের হত্যাকারীদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারল না। আয়েশাকে হারিয়ে তাঁর একমাত্র সন্তান মাধবী আফরোজা রাইসা শুধু কাঁদছে। কোনো সান্ত্বনাতেই তাঁকে শান্ত করা যাচ্ছে না। রাইসা তাঁদের লালমাটিয়ার বাসায় রয়েছে। রাইসার বাবা আওলাদ হোসেন মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় থাকেন। তিনি লালমাটিয়ায় এসে মেয়ের খোঁজখবর নিচ্ছেন।