খিলগাঁওয়ের শান্তিপুরে শরিফ হোসেন ওরফে সায়মন হত্যা ও তাঁর বাবাকে গুলি করার ঘটনায় চার দিনেও কেউ গ্রেপ্তার হয়নি।
গতকাল রোববার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, ছেলেকে গুলি করে হত্যা করে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়া ছয় সদস্যের চক্রটি ইতিমধ্যে শনাক্ত হয়েছে। তাদের যেকোনো সময় গ্রেপ্তার করা যাবে। ওই ঘটনায় শরিফের বাবা মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী ইসরাইল হোসেনও সন্ত্রাসীদের গুলিতে আহত হন।
গত শনিবার রাতে শরিফ হোসেনের মরদেহ ঢাকার নবাবগঞ্জের সুজাপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর বাবা ইসরাইল হোসেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন।
ইসরাইলের ভাই মোক্তার হোসেন বলেন, শনিবার বিকেলে বারডেমের হিমঘর থেকে শরিফের লাশ তার বাবাকে দেখাতে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ওয়ার্ড থেকে ইসরাইলকে স্ট্রেচারে নিয়ে ছেলের লাশ দেখানো হয়।
গত বৃস্পতিবার রাতে শান্তিপুরে নিজ বাসার কাছে ছিনতাইকারীরা ইসরাইল হোসেন ও শরিফ হোসেনকে গুলি করে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে শরিফ হাসপাতালে মারা যান।