পোড়া মবিল ঢেলে বর্ষবরণের জন্য আঁকা দেয়ালচিত্র নষ্ট করে দেওয়ার ঘটনায় চার দিনেও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার রাত আটটা পর্যন্ত কোনো মামলাও হয়নি।
লোকজ সংস্কৃতি ফুটিয়ে তোলা ওই দেয়ালচিত্র গত মঙ্গলবার রাতে পোড়া মবিল ঢেলে নষ্ট করে দেয় দুর্বৃত্তরা। চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কের পাশের দেয়ালে ওই চিত্র আঁকেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দেয়ালচিত্রে আঘাত হানার ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় ওঠে।
নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই ঘটনার পর চারুকলার শিক্ষার্থীরা পুলিশকে বলেছিলেন, দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে এই কাণ্ড ঘটিয়েছে। বিষয়টি উদ্ঘাটন করার জন্য আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ (মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার রাত ২টা পর্যন্ত) সংগ্রহ করেছেন তাঁরা। তাতে সেখানে একসঙ্গে দুটি মোটরসাইকেলে চড়ে কাউকে ওই পথ দিয়ে যেতে দেখা যায়নি। তিনি বলেন, ওই ঘটনায় চারুকলা কর্তৃপক্ষ মামলা করেনি। এরপরও তদন্ত করে দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছেন তাঁরা।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমীন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা পয়লা বৈশাখের কর্মসূচি নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তবে পুলিশকে মৌখিকভাবে সব জানিয়েছি। আগামীকাল (আজ রোববার) এ ঘটনায় মামলা করা হবে।’
এদিকে গত বুধবার বিকেলে ইশতিয়াক নামের স্থানীয় এক ব্যক্তি চারুকলার শিক্ষার্থীদের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে চকবাজার থানার ওসি বলেন, ওই দিন বাদশা মিয়া সড়কের উভয় দিক বন্ধ করে আবার দেয়ালচিত্র আঁকছিলেন শিক্ষার্থীরা। ইশতিয়াক নিজের গাড়ি নিয়ে ওই পথ দিয়ে যেতে বাধা পান। এ নিয়ে চারুকলার শিক্ষার্থীদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয় বলে তাঁরা জানতে পেরেছেন।