চার দিনেও মামলা করেননি নিহত ব্যক্তিদের স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের সমর্থকদের সংঘর্ষে চারজন নিহত হওয়ার চার দিন পেরিয়ে গেছে; এখনো তাঁদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। কারও পরিবার মামলায় অনীহা প্রকাশ করেছে; কারও অভিযোগ, পুলিশ মামলা নিচ্ছে না।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার নীলক্ষা ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তাজুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আবদুল হক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সংঘর্ষে আবদুল হক সরকারপক্ষের আমিরাবাদ গ্রামের শাহজাহান মিয়া (২৭), মানিক মিয়া (৪৫), সোনাকান্দি গ্রামের মামুন মিয়া (২২) ও খোকন মিয়া (৩২) নিহত হন। এর মধ্যে শাহজাহান টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। অন্যরা মারা যান গুলিবিদ্ধ হয়ে। এ ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে। তিন মামলায় দুই হাজার গ্রামবাসীকে আসামি করা হয়। গ্রেপ্তার হয়েছেন ১৬ জন।
মানিকের পেশা ছিল কৃষিকাজ। সামান্য জমিতে চাষ করে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে সাদামাটা জীবন যাপন করতেন তিনি। মানিকের ছোট ভাই সুলায়মান মিয়া বলেন, ঘটনার পরপরই মামলা করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু রায়পুরা থানার পুলিশ তাঁদের মামলা নেয়নি। শেষে বাধ্য হয়ে গতকাল বৃহস্পতিবার নরসিংদী আদালতে আরজি জমা দেন তিনি।
এখনো মামলার প্রস্তুতি নেননি টেঁটাবিদ্ধ হয়ে মারা যাওয়া শাহজাহান মিয়ার পরিবারের সদস্যরা। শাহজাহান পেশায় রাজমিস্ত্রি ছিলেন। নিজের সামান্য আয় দিয়ে তিনি তাঁর স্ত্রী ও ছয় সন্তানের ব্যয় নির্বাহ করতেন। শাহজাহানের বড় ছেলে শরীফ মিয়া বলেন, ‘মামলা করুম কেমনে। ঘরে খাওন নাই। মামলা করতে টেহা লাগে। এক টেহাও নাই। টেহা হইলে মামলার চিন্তা করুম।’ মামলা না করার ব্যাপারে পুলিশ বা কোনো পক্ষের চাপ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের ইঙ্গিতে অনেক কিছু হয়, এমন কারও আশীর্বাদ তাঁদের পক্ষে নেই।
খোকন কাঁচামালের ব্যবসা করতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় সন্তান সুমাইয়ার বয়স পাঁচ বছর। খোকনের মৃত্যুর পর বর্তমানে তাঁর পরিবারের আর্থিক জোগানের আর কেউ নেই। মামলা না করার বিষয়ে খোকনের বড় ভাই ফারুক মিয়া বলেন, ‘নানান সমস্যা আছে। সব কথা তো আর বলা যায় না। তবে আমরা বসব। বসে মামলার সিদ্ধান্ত নিব।’
মামুন ছয় মাস আগে বিয়ে করেছিলেন। পেশা ছিল মাটিকাটার শ্রমিক। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। মামলার বিষয়ে মামুনের বাবা মঙ্গল মিয়ার মধ্যে তেমন কোনো আগ্রহ নেই। মঙ্গল বলেন, ‘আমরার মানুষ মরল, আবার পুলিশ আমরারে দৌড়ায়। মামলা করলে কী হইব? পুলিশ কি আসামি ধরব?’
স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, সংঘর্ষ হয়েছে নীলক্ষা, বীরগাঁও, দড়িগাঁও ও হরিপুর গ্রামে। কিন্তু যাঁরা মারা গেলেন, তাঁদের কেউ ওই চার গ্রামের বাসিন্দা নন। তাঁরা আবদুল হক পক্ষের হয়ে ভিন্ন গ্রাম থেকে এসে সংঘর্ষে যোগ দেন। এসব কারণে স্বজনদের পরিবারের মধ্যে পুলিশি ভীতি রয়েছে। মামলা করে উল্টো বিপদে পড়ে যেতে পারেন এমন শঙ্কায় ভুগছেন তাঁরা।
নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলছেন, তাঁরা মূলত আবদুল হক সরকারপক্ষের সমর্থক। বর্তমান সাংসদ রাজি উদ্দিন আহমেদ এই পক্ষের প্রতি বিরক্ত। বুধবার দুপুরে সাংসদ এলাকায় শান্তি সমাবেশে ঘোষণা দেন, শান্তি ফিরিয়ে আনার প্রয়োজনে ১৪ থেকে ৭০ বছর বয়সী গ্রামবাসীদের গণগ্রেপ্তার করা হবে। এ ঘোষণার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই রাতেই পুলিশ অভিযানে নামে। ফলে আবদুল হকের পক্ষের অনেকে গ্রাম ছেড়ে চলে যান। এ অবস্থায় মামলা করে সুবিধা করা যাবে না এমন ধারণা আছে নিহত ব্যক্তিদের পরিবারে।
জানতে চাইলে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে আসেনি। এজাহার পেলে অবশ্যই মামলা নেওয়া হতো।