চার দিনেও মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূরুল ইসলামের বাসা থেকে উদ্ধার করা শিশু বীথির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে তাকে উদ্ধারের চার দিন পেরিয়ে গেলেও গতকাল রোববার পর্যন্ত এ নিয়ে কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, দু-এক দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
হাকিম নূরুল ইসলামের শহরের বাসা থেকে বীথি (১০) নামের শিশুটিকে উদ্ধার করা হয় গত বুধবার। এ সময় সদ্য বদলি হওয়া সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহাসহ জেলা ও পুলিশ প্রশাসনের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সে সময় হাড্ডিসার শিশুটির শরীরের একাধিক স্থানে ক্ষত দেখা যায়। উদ্ধারের পরপরই তাকে ভর্তি করা হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। বৃহস্পতিবার শহরে অনুষ্ঠিত এক মানববন্ধনে বীথির বাবা গোলাম রসুল বিশ্বাস জানান, তাঁর মেয়ের ওপর নির্যাতন করেছেন নূরুল ইসলাম ও তাঁর স্ত্রী। তিনি ওই দুজনের শাস্তিও দাবি করেন। ওই দিনই গোলাম রসুল বিশ্বাস তাঁর গ্রামের বাড়ি মাগুরায় চলে যান। তবে তিনি প্রথম আলোকে জানান, বাড়ি যাওয়ার আগে তিনি সাতক্ষীরা সদর থানায় নূরুল ইসলামের স্ত্রী নাতাশা ও নূরুল ইসলামের শাশুড়িকে দায়ী করে একটি এজাহার দায়ের করেন। তবে গতকাল সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, ‘গোলাম রসুল বিশ্বাসের করা কোনো এজাহার আমি পাইনি।’
ওসি জানান, বীথি উদ্ধারের ঘটনায় তিনি বুধবার রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল পর্যন্ত মামলা হয়নি।