চার দিনেও মৃত্যুর কারণ অজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজশিক্ষকের লাশ উদ্ধারের ঘটনার চার দিন পরও মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের দাবি, কলেজশিক্ষক ইকবাল হোসেন চৌধুরীকে হত্যা করা হয়েছে। পুলিশও ধারণা করছে, এটি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের পাঁচলাইশ আরাকান হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কের পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে কলেজশিক্ষক ইকবাল হোসেন চৌধুরীর (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নগরের পাহাড়তলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক। স্ত্রী ও এক মেয়ে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি। এই ঘটনায় নিহত ইকবাল হোসেন চৌধুরীর মেয়ে আফিয়া ইকবাল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজনকে আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাঁচলাইশ থানার উপপরিদর্শক আবু তালেব গতকাল বিকেলে বলেন, নিহত ইকবাল হোসেন চৌধুরীর স্বজন ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।

আফিয়া ইকবাল বলেন, তাঁর বাবাকে খুন করা হতে পারে বলে তিনি ধারণা করছেন। তবে কী কারণে, কারা করেছে, তা বুঝতে পারছেন না।