ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় ট্রলারডুবির চার দিন পরও নিখোঁজ তিন শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি। নদীতে মৃতদেহ দেখলে খবর দেওয়ার অনুরোধ করে গতকাল সোমবার মাইকিং করেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা।
গত শুক্রবার ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে খুলনাগামী স্টিমার এমভি মধুমতির ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে তিন নির্মাণশ্রমিক নিখোঁজ রয়েছেন। রোববার সুগন্ধা নদীর গুরুধাম খালের মোহনা এলাকা থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়।
জেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. গোলাম রসূল বলেন, দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। রোববার রাতে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঝালকাঠি সদর উপজেলার রাজাপুর গ্রামের খেয়াঘাট থেকে ১০ যাত্রী নিয়ে একটি ট্রলার ঝালকাঠি শহরের উদ্দেশে ছেড়ে যায়। সকাল আটটার দিকে সুগন্ধা নদীর গুরুধাম খালের মোহনা এলাকায় ট্রলারটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে খুলনাগামী স্টিমার মধুমতি। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ঝালকাঠি সদর উপজেলার মহদিপুর গ্রামের আলম জমাদ্দার, ইছালিয়া গ্রামের আবদুর রাজ্জাক মল্লিক ও হাজরাগাতি গ্রামের তসলিম হাওলাদার নিখোঁজ হন।