চার দোকানে ডাকাতি
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা সদরের ভানুগাছ বাজারে গত সোমবার রাতে চারটি দোকানে তালা ভেঙে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে একদল ডাকাত ভানুগাছ বাজারের রাজন টেলিকম, শাহাজান সাজুর স্টেশনারি দোকান, এম এম ইলেকট্রনিকস অ্যান্ড ভিডিও রেকর্ডিং ও মুক্তাদির মিয়ার দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দোকান থেকে নগদ টাকা, কয়েকটি মুঠোফোন, তিনটি ক্যামেরা ও প্রচুর মুঠোফোন কার্ড লুটে নেয়। এ সময় বাজারের পাহারাদার তাজির মিয়া (৩৫) তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে এক ডাকাত তাঁকে এলোপাতাড়ি দা দিয়ে আঘাত করে। এতে তাঁর ডান কান কেটে যায় ও মাথায় গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে ভানুগাছ বাজারের ব্যবসায়ীরা জড়ো হয়ে বিক্ষোভের প্রস্তুতি নেন। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। পরে ভানুগাছ বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিদর্শক (তদন্ত) বদরুল ইসলামের নেতৃত্বে দুই ঘণ্টা অভিযান চালানো হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিয়াজুর রহমান (২৫) নামের একজনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে পরিদর্শক (তদন্ত) বদরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে নিয়াজুরকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।