চার ধরনের যানবাহনের দাপটে নাকাল কুমিল্লা নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় কুমিল্লা নগরে যাত্রীদের একমাত্র বাহন ছিল রিকশা। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নামে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক)। ২০১৩ সাল থেকে নামে সিএনজিচালিত অটোরিকশা। ২০১৪ সালে রাস্তায় নামে ব্যাটারিচালিত রিকশা।

ওই চার ধরনের পরিবহনের দাপটে নগরের বাসিন্দারা নাকাল। তার ওপর গণপরিবহন নিয়ন্ত্রণে নেই কোনো উদ্যোগ। এ অবস্থায় নগরের বাসিন্দাদের যানজটে দুর্ভোগপোহাতে হচ্ছে।

নগর ভবন সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন করা রিকশা ১০ হাজার ৫৩০টি। নগরের ১ নম্বর ওয়ার্ড থেকে ১৮ নম্বর ওয়ার্ডে রাস্তা রয়েছে ১৪৭ কিলোমিটার। ওই সড়কের মধ্যেই চলাচল করে অন্তত ১৭ হাজার রিকশা। তার ওপর রয়েছে অটোরিকশা, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা।

নগরের ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীসহ আরও কয়েকজন জানান, প্রশাসনের চোখের সামনে অনুমোদনহীন ইজিবাইক বানানো হচ্ছে। ব্যাটারিচালিত রিকশা তৈরি হচ্ছে। কেউ কিছু করছে না। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অনুমোদনহীন এসব বাহন থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই চার ধরনের পরিবহনের জটে অতিষ্ঠ নগরের প্রায় পাঁচ লাখ বাসিন্দা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কুমিল্লার সহকারী পরিচালক এ কে এম মিজানুর রশীদ জানান, জেলার ১৬ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন রয়েছে ৮ হাজার ৩২৩টির। ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বরের পরে আর কোনো নিবন্ধন দেওয়া হয়নি। সরকার নিবন্ধন দেওয়া বন্ধ রেখেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর একজন কর্মকর্তা জানান, জেলায় কমপক্ষে ২০ হাজার অবৈধ অটোরিকশা রয়েছে। নিবন্ধন ছাড়াই এগুলো চলছে। ‘কুমিল্লা-থ-১১’ লিখে সড়কে ওই বাহন নামানো হচ্ছে। নগরের পদুয়ারবাজার বিশ্বরোড, টমছম ব্রিজ, কান্দিরপাড়, শাসনগাছা, চকবাজার, ঈদগাহ এলাকা ও আদালত মোড় এলাকায় এসব বাহন বেশি দেখা যাচ্ছে।

এদিকে ৬ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের সচিব মো. ছামছুল আলমের সঙ্গে নগর ভবনে ব্যাটারিচালিত রিকশা মালিক সমিতির বৈঠক হয়। বৈঠকে সমিতির সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া উপস্থিত ছিলেন। সভায় দ্রুত সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে নেওয়ার জন্য বলা হয়। অন্যথায় এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় সমিতির নেতারা এক সপ্তাহের মধ্যে ব্যাটারিচালিত রিকশা সরিয়ে নেবেন বলে করপোরেশনকে জানান।

কুমিল্লা সিটি করপোরেশনের লাইসেন্স পরিদর্শক কাজী আতিকুর রহমান জানান, নগরের ২৭টি ওয়ার্ডে নিবন্ধন করা রিকশার সংখ্যা ১০ হাজার ৫৩০টি। এর বাইরে নিবন্ধন ছাড়া চলছে আরও অন্তত ১০ হাজার রিকশা। তবে শহরে কোনো ধরনের ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমোদন নেই।

জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু জানান, অবৈধ যানবাহন যাঁরা নামিয়েছেন, তাঁদের সেগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।