চার নারীর ১০ মাসের চাল আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ভিজিডির তালিকায় নাম থাকার পরও চারজন নারী ১০ মাস ধরে সহায়তা পাচ্ছেন না। ভুক্তভোগী নারীরা অভিযোগ করেছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তাঁদের কার্ডও দেননি। তাঁদের জন্য বরাদ্দ করা ১ হাজার ২০০ কেজি চালও আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সরকার দুস্থ নারীদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিডি (ভালনারেবল গ্রুপ ফিডিং) প্রকল্প চালু করেছে। দুই বছর মেয়াদি ওই প্রকল্পের তালিকাভুক্ত নারীরা প্রতি মাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ পান। চাল তোলার সময় ১০০ টাকা করে সঞ্চয় জমা নেওয়া হয়। মেয়াদ শেষে সঞ্চয়ের টাকা দুস্থ নারীর হাতে তুলে দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়নে ভিজিডি প্রকল্প চালু করা হয়েছে।

তবে আচারগাঁও ইউনিয়নের সুতারাটিয়া ও গইছখালী গ্রামের বাসিন্দা মিনা আক্তার, জহুরা খাতুন, আমেনা খাতুন ও মরিয়ম বলছেন, তাঁদের কার্ড বা সহায়তা কোনোটাই দেওয়া হচ্ছে না। গত সোমবার উপজেলা পরিষদ চত্বরে এসে তাঁরা এ অভিযোগ করেন। তাঁরা বলেন, সরকার ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি চালু করলে ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সাখাওয়াত হোসেন ওরফে বাবুল তাঁদের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যান। কিন্তু ওই সময় তাঁরা ১০ টাকা কেজি দরের চাল ক্রয়ের কার্ড পাননি। এ বিষয়ে তাঁরা একাধিকবার জিজ্ঞেস করলে ইউপি সদস্য তাঁদের বলেন, সরকার কম দামে চাল বিক্রি বাতিল করে দিয়েছে।

এদিকে কয়েক সপ্তাহ আগে গ্রামের কয়েকজনের কাছে তাঁরা শোনেন, তাঁদের নামে ভিজিডি কার্ড এসেছে। ভুক্তভোগী নারীদের অভিযোগ, তাঁরা কার্ডও পাননি, ১০ মাস ধরে চালও পাননি। তাঁদের চাল আত্মসাৎ করা হয়েছে।

ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিজিডির তালিকা সংগ্রহ করে দেখা যায়, ৯৬ ক্রমিক নম্বরে সুতারাটিয়া গ্রামের ইসমাইলের স্ত্রী মিনা আক্তার, ১০৩ নম্বরে গইছখালী গ্রামের ছাত্তারের স্ত্রী জহুরা খাতুন, ১০৪ নম্বরে মৃত মন্নাছের স্ত্রী আমেনা খাতুন ও ১১০ নম্বরে রফিকুল ইসলামের স্ত্রী মরিয়মের নাম লেখা রয়েছে। প্রত্যেক কার্ডধারীর জন্য সরকার প্রতি মাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। সে হিসাবে ১০ মাসে এর পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২০০ কেজি চাল।

ইউপি সদস্য সাখাওয়াত হোসেন বলেন, নামের তালিকা হয়েছে দুই ভাগে। কিছু নামের তালিকা করেছেন সরকারি দলের নেতারা, আবার কিছু করা হয়েছে ইউপি থেকে। এখন ওই চার নারীর তালিকা কে করেছে, তা তিনি বলতে পারবেন না। তাহলে ওই চার নারীর নামে বরাদ্দ করা চাল ১০ মাস ধরে কারা তুলে নিয়েছে সে প্রশ্ন করা হলে ইউপি সদস্য কোনো উত্তর দেননি।

এ বিষয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও ভিজিডি বাছাই কমিটির সদস্যসচিব রোমানা আক্তার বলেন, আচারগাঁও ইউপির চেয়ারম্যান ও সচিব এসে তাঁর দপ্তর থেকে ভিজিডি কার্ডগুলো বুঝে নিয়ে গেছেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যদের হাত দিয়ে কার্ডগুলো উপকারভোগী ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার কথা। কোনো অনিয়মের সত্যতা পাওয়া গেলে আত্মসাৎ করা বরাদ্দ আদায় করে বঞ্চিত ব্যক্তিদের ফেরত দেওয়া হবে।

ইউপি সচিব মো. নজরুল ইসলাম বলেন, তিনি একটি প্রশিক্ষণে ছিলেন। সেখান থেকে ফিরে এসে দেখেন ভিজিডি কার্ডগুলো বিতরণ করা হয়েছে। এর বেশি কিছু তিনি জানেন না।

আচারগাঁও ইউপির চেয়ারম্যান এ কে এম মোফাজ্জল হোসেন বলেন, এ বিষয়ে তাঁকে কেউ অভিযোগ করেননি। ইউপি মেম্বারের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন।

 ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, ওই নারীদের কেন কার্ড দেওয়া হয়নি, কেন তাঁরা বরাদ্দ পাননি, সে সম্পর্কে ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যকে আজ বুধবার সকালে তাঁর কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।