চার পুলিশ সদস্য বরখাস্ত
রাজশাহী জেলা জজ আদালতের হাজত থেকে মাদক মামলার এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার রাতে এই বরখাস্তের আদেশ দেন জেলার পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন জেলা জজ আদালতের এটিএসআই মমিন আজাদ ও তাজুল ইসলাম, কনস্টেবল আবদুল মমিন ও মনসুর আলী। রোববার বিকেলে মোখলেসুর রহমান (২২) নামের এক আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান।
জেলা জজ আদালতের পরিদর্শক খুরশিদা বানু বলেন, পলাতক আসামির নামে রোববার রাতে নগরের রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। এটিএসআই মমিন আজাদের হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ায় মমিন নিজেই বাদী হয়ে মামলাটি করেন।
তিন আরও বলেন, রোববার বিকেলে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন আসামিকে আদালতের হাজত থেকে বের করা হচ্ছিল। একই সময় কিছু আসামিকে হাজতে ঢোকানো হচ্ছিল। সেই সুযোগে আসামি মোখলেসুর রহমান পালিয়ে যান।
মোখলেসুর জেলার পবা উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত শনিবার ১০০টি ইয়াবা বড়িসহ জেলা গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। এ ঘটনায় পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।