পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার অভিযোগে আজ বৃহস্পতিবার নাটোর জেলা পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশের স্থানীয় কর্তৃপক্ষ।
নাটোর জেলা কারাগারের জেল সুপার ফারুক হোসেন জানান, নাটোর পুলিশ লাইনসের এএসআই এহতেসাম ও তিন কনস্টেবল গত মঙ্গলবার রাত ১২টার দিকে নাটোর কারাগার থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হত্যা মামলার আসামি শামীম হোসেনকে (২৩) নিয়ে বাসে করে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। একসময় ডান্ডাবেড়ি খুলে আসামি শামীম ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজারে বাস থেকে লাফিয়ে নেমে পালিয়ে যান। পরে সাভার মডেল থানা-পুলিশ শামীমকে গ্রেপ্তারে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত দুই দিনেও আর তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। পলাতক শামীম নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল সকালে এএসআই এহতেসাম ও তিন পুলিশ কনস্টেবলকে সাময়িক বহিষ্কার করে নাটোর জেলা পুলিশ। নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।