চার পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার দুপুরে এ তথ্য জানানো হয়।
বরখাস্ত হওয়া চার পুলিশ সদস্য হলেন বরিশাল মহানগর পুলিশের কনস্টেবল মনোয়ার হোসেন, মো. খলিল, মো. রফিক ও নূরে আলম। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন, রিজার্ভ পরিদর্শক (আরআই) আবু জাফর ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সরোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
পুলিশের দেওয়া ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ডিসেম্বর আইএইচটি শিক্ষার্থীরা তাঁদের কয়েকটি দাবি নিয়ে বরিশাল নগরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে মহানগরের ওই গুরুত্বপূর্ণ সড়কে পথচারী ও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ লাঠিপেটা শুরু করে। ওই ঘটনায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে দুই পুলিশ ও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
ওই ঘটনায় পুলিশের ভূমিকা ও কী কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে বরিশাল মহানগর পুলিশ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদন পেয়ে বরিশাল মহানগর পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. আজাদ রহমান প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কোতোয়ালি মডেল থানার ওসিসহ তিনজনের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।