চার পুলিশকে পেটালেন আ.লীগের নেতা-কর্মীরা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গত বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতা-কর্মীদের পিটুনিতে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আওয়ামী লীগের চার নেতা-কর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, কনস্টেবল রিপন মিয়া, ফয়সাল আহমেদ ও জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সদস্য মাহবুব আলম চৌধুরী, কর্মী হুমায়ুন কবির, আজাদ হোসেন ও খোকন মিয়া এবং আয়েশা আক্তার।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুব বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে শাহরাস্তি গেট বাজারে স্থানীয় বাসিন্দা উম্মে সালমার দখলে থাকা দুই শতক জমি দখলের চেষ্টা করেন। এ সময় মাহবুব ও তাঁর দলবল সেখানে থাকা দুটি দোকানঘর ভেঙে ফেলে। খবর পেয়ে এসআই কামাল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সম্পত্তি দখলে বাধা দিলে পুলিশের ওপর হামলা চালান তাঁরা। এতে এসআই কামাল, কনস্টেবল রিপন, ফয়সাল ও জাহাঙ্গীর আহত হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া এ ঘটনায় মাহবুব, হুমায়ুন কবির, আজাদ, খোকন ও আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বৃহস্পতিবার রাতে আয়েশাকে শাহরাস্তি থানায় ও বাকি চারজনকে নিরাপত্তার স্বার্থে হাজীগঞ্জ থানা-হেফাজতে রাখা হয়।
এসআই কামাল জানান, ‘ঘটনাস্থলে এসে আমি তাঁদের সম্পত্তি দখলে বাধা দিই। কিন্তু তাঁরা আমার কথা না শুনে আমার ওপর ও আমার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। তাঁরা প্রকাশ্যে কয়েক শ জনতার সামনে আমাদের মারধর করেন। আমাদের পরনের ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন।’
তবে হাজীগঞ্জ থানা হেফাজতে থাকা মাহবুব দাবি করেন, ‘আমার ক্রয় করা সম্পত্তির ওপর দেয়াল নির্মাণ করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ আপস-মীমাংসার কথা বলে আমাদের শাহরাস্তি থানায় নিয়ে গ্রেপ্তার করে। পুলিশের সঙ্গে আমাদের সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। কিন্তু তারা নিজের পোশাক নিজেরা ছিঁড়ে আমাদের বিরুদ্ধে মামলা সাজিয়েছেন।’
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, উম্মে সালমান বোন আয়েশা আক্তারের কাছ থেকে মাহবুব দুই শতক সম্পত্তি কিনেছেন বলে দাবি করেন। কিন্তু তিনি সম্পত্তির কোনো দলিলপত্র দেখাতে পারেননি। মাহবুব যে সম্পত্তি কিনেছেন বলে দাবি করেন, তা সালমার দখলে আছে। সম্পত্তি দখল করতে না পেরে মাহবুব ও তাঁর লোকজন পুলিশকে পিটিয়ে আহত করেছেন। এ ঘটনায় পুলিশ একটি ও উম্মে সালমা একটি মামলা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই পাঁচজনকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।