চার প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচ্ছন্ন পরিবেশে পোড়া তেল দিয়ে খাবার তৈরি ও বিক্রির অপরাধে চট্টগ্রামের চারটি বেকারি ও রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার নগরের নিমতলা, বন্দরটিলা ও পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস। এ সময় অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়েজ উল্যাহ উপস্থিত ছিলেন।
অভিযানে নিমতলার মুসলিম বেকার্সে দেখা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে ক্ষতিকর রং এবং পোড়া তেল ব্যবহার করে বিস্কুট, চানাচুর তৈরি করা হচ্ছিল। এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পোড়া তেল ব্যবহার করে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিজাত পণ্য তৈরির অপরাধে বন্দরটিলার ঢাকা ব্রেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই বেকারির ৩০ লিটার পোড়া তেলও ধ্বংস করা হয়। এ ছাড়া নোংরা পরিবেশ এবং পোড়া তেল ব্যবহারের জন্য পতেঙ্গার সি বার্ড হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে ২০ হাজার টাকা এবং একই এলাকার কর্ণফুলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে কাটগড় এলাকার জাফরের মাংসের দোকানে এক কেজির বাটখারায় ৩০ গ্রাম কম থাকায় তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়।