চার প্রতিষ্ঠানকে সাড়ে ৬৩ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় কাটা ও বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকার দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৬৩ লাখ ৬৭ হাজার ৩৮৬ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে শুনানির পর পরিচালক মকবুল হোসেন এ জরিমানা ধার্য করেন।

এর মধ্যে রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে পাহাড় কাটার অপরাধে সানমার প্রপার্টিজকে ৯ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইটিপি ছাড়া কারখানা পরিচালনার জন্য সীতাকুণ্ডের বড় কুমিরায় কর্ণফুলী স্টিল মিল লিমিটেডকে ৪ লাখ ৫৪ হাজার ৬৫৫ টাকা, একই স্থানে কর্ণফুলী গ্যালভানাইজিংকে ৯০ হাজার ৯৩১ টাকা এবং ভাটিয়ারির সানম্যান নিট ফেব্রিকসকে ৪৮ লাখ ৪০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

গত এক মাসে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নেতৃত্বে একটি দল এসব কারখানা এবং পাহাড় কাটার স্থান পরিদর্শন করে। পরে আজ তাদের শুনানির দিন ধার্য করা হয়। শুনানি শেষে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের পরিচালক মকবুল হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা বিভিন্ন অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়ার পাশাপাশি এই দূষণ আর যাতে না হয়, সেটা নিশ্চিত করতে বলা হয়েছে।’